আফ্রিকান নেশন্স কাপ

আইভরি কোস্ট কোয়ার্টার ফাইনালে

আইভরি কোস্ট গত শনিবার আফ্রিকান নেশন্স কাপের প্রথম দল হিসাবে শেষ আটে জায়গা করে নেয়। গ্রুপ ডি’র পয়েন্ট টেবিলে তারা শীর্ষে রয়েছে। অন্যদিকে মহাদেশের দ্বিতীয়স্থানে থাকা দল আলজেরিয়া টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। রুস্তেনবার্গে রয়েল বাফোকেং স্টেডিয়ামে আইভরি কোস্ট ৩-০ গোলে হারায় তিউনিসিয়াকে। অন্যদিকে টোগো ২-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে শেষ আটের স্বপ্ন দেখছে। আইভরি কোস্ট দুই ম্যাচে জয় তুলে নিয়ে পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করেছে। টোগো তিন পয়েন্ট নিয়ে দুইয়ে। সমান পয়েন্ট নিয়ে তিনে তিউনিসিয়া। আগামী ৩০ জানুয়ারি টোগো ও তিউনিসিয়া মুখোমুখি হবে শেষ আটে যাওয়ার লড়াইয়ে। আলজেরিয়া প্রথম দল হিসাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিল। আন্তর্জাতিক ফিফা র্যাঙ্কিংয়ে তারা ২২তম দল। আফ্রিকানদের মধ্যে সেরা দল আইভরি কোস্ট এবং অবস্থান করছে ১৪তম স্থানে। মহাদেশে দ্বিতীয় সেরা দল আলজেরিয়া। নকআউট রাউন্ডে তারা পৌঁছাবে এমন আশা ছিল তাদের স্বাভাবিকভাবে। আইভরি কোস্ট অধিনায়ক দিদিয়ের দ্রগবাকে ছাড়াই মাঠে নেমে দারুণ খেলা উপহার দিয়েছে। সেই সাথে তারা প্রমাণ করেছে কেন তারা টুর্নামেন্টে ফেবারিট। আক্রমণভাগের নেতৃত্ব দেয়া ইয়াইয়া তোরে দলের দ্বিতীয় গোলটি করেন। অপর দুটি গোল করেন জারভিনহো এবং দিদিয়ার ইয়া কোনান। দ্রগবা অবশ্য কাল মাঠে নেমেছিলেন ম্যাচের ৬৪ মিনিটে। বর্তমানে ৩৪ বছর বয়সী দ্রগবা বলেন, ‘আমি ম্যানেজার নই এবং এটা আমার সিদ্ধান্ত নয়।’ দ্রগবা যখন মাঠে নামেন তখন আইভরিয়ানরা ১-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচের ২১ মিনিটে জারভিনহো দলকে এগিয়ে দিয়েছিলেন। আইভরি কোস্ট অপর দুটি গোল পায় ৮৭ ও ৯০ মিনিটে। দিনের অন্য ম্যাচে ইমানুয়েল আদেবায়োরের গোলে টোগো এগিয়ে যায় ম্যাচের ৩২ মিনিটে। দ্বিতীয় গোলটি তারা পায় বদলি খেলোয়াড় ডোভ ওমের কাছ থেকে। টটেনহাম তারকা আদেবায়োর নেশন্স কাপে খেলবেন কি না এ নিয়ে সংশয় ছিল। কিন্তু তিনি খেলতে আসলেন এবং দারুণ নৈপুণ্য দেখালেন। আজ গ্রুপ বি’তে কঙ্গো মুখোমুখি হবে মালির এবং ঘানা মোকাবিলা করবে নাইজারের। ঘানা দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। মালি তিন পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে। কঙ্গো তিনে দুই পয়েন্ট নিয়ে।