সিরিজ হার এড়াতে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া

ব্যাটসম্যান ও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে জয় পায় শ্রীলংকা। তাই সিরিজ হার এড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচে আজ শ্রীলংকার মুখোমুখি হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বেলা ২টা ৩৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। দাপটের সাথে টেস্ট সিরিজ জিতলেও দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওয়ানডে সিরিজ শেষে শ্রীলংকার বিপক্ষে শেষ পর্যন্ত সিরিজ ড্র করতে বাধ্য হয় অস্ট্রেলিয়া। ২-২ সমতায় ওয়ানডে সিরিজ শেষ হয়। ওয়ানডে সিরিজের ব্যর্থতার বৃত্ত থেকে অসিরা যে এখনো বেরোতে পারেনি তা স্পষ্টই প্রমাণিত হয় প্রথম টি-টোয়েন্টিতে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচে ৫ উইকেটে হারে জর্জ বেইলির দল। লংকান বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ অসিরা বড় স্কোর দাঁড় করাতে ব্যর্থ হয়। ৩ উইকেটে ১৩৭ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। আর এজন্য সম্পূর্ণ কৃতিত্ব দিতেই হবে ওপেনার ডেভিড ওয়ার্নারকে। ৬২ বলে ৯০ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ওয়ার্নার। তাকে যোগ্য সহায়তা দিতে পারেননি কোন ব্যাটসম্যানই। শেষদিকে এডাম ভোজেস কিছুটা সহায়তা করলেও তা বড় স্কোর গড়ার জন্য যথেষ্ট ছিল না। ফলে অল্প পুিঁজ নিয়েই লংকানদের বিপক্ষে ম্যাচ জয়ের লড়াইয়ে নামতে হয় অস্ট্রেলিয়াকে। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেনি তারা। হার মানতে হয় পাঁচ উইকেটে। অন্যদিকে টেস্টে সিরিজ অসহায়ভাবে আত্মসমর্পণ করলেও ওয়ানডেতে দারুণভাবে ফিরে আসা শ্রীলঙ্কা এখন অনেকটাই আত্মবিশ্বাসী। ওয়ানডে সিরিজে শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তা না পেলেও সেখানকার আত্মবিশ্বাসকে ঠিকই সঙ্গী করেছে তারা। ফলে ওয়ানডের সাফল্যের ধারবাহিকতায় টি টোয়েন্টিতেও তাদের শুরুটা হয়েছে দারুণ। নিশ্চিতভাবেই ওয়ানডের মতো এখানেও কূলে এসে তরী ডোবাতে চাইবে না তারা। আজকের ম্যাচ জিতে অন্তত একটি শিরোপা নিয়েই দেশে ফিরতে চাইবে তারা। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি জিতলে শুধু সিরিজ জয়ই নয়, পাশাপাশি বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানটিও অক্ষুণ্ন রাখবে শ্রীলংকা। তবে হারলেও র্যাংকিং-এর অবস্থান নিয়ে মোটেও সমস্যা হবে না অ্যাঞ্জেলো ম্যাথুসের দলের। তবে এক জায়গায় এসে দারুণভাবে মিলে গেছে ম্যাথুস আর বেইলির পথ। র্যাংকিং নিয়ে মাথাব্যথা করতে হচ্ছে না দু’জনের কাউকেই। তবে দু’জনের অবস্থান ঠিক বিপরীতে। লঙ্কানরা যেখানে হারলেও থাকছে এক নম্বরে সেখানে জিতলেও অবস্থার পরিবর্তন হবে না অসিদের। র্যাঙ্কিংয়ে বর্তমানে সাত নাম্বারে থাকা অসিদের সাথে ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তানের সাথে রেটিং-এর ব্যবধান ১০। তাই র্যাঙ্কিংয়ের হিসাব নিয়ে খুব বেশি ভাবছে না স্বাগতিকরা। সিরিজ হার এড়ানোটাই এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে তাদের সামনে। টি টোয়েন্টিতে এখনো পর্যন্ত মোট সাতবার মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও অস্ট্রেলিয়া। এরমধ্যে জয়ের পাল্লাটা ভারী লঙ্কানদের দিকেই। পাঁচ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে তারা। আর দু’টি ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দল (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, জর্জ বেইলি (অধিনায়ক), এডাম ভোগস, ম্যাথু ওয়াডে (উইকেটরক্ষক), গে¬ন ম্যাঙ্গয়েল, বেন কাটিং, জেমস ফাউল্কনার, মিশেল স্টার্ক ও জেভিয়ার ডোহার্টি। শ্রীলংকা দল: তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, মাহেলা জয়াবর্ধনে, দীনেশ চান্ডিমাল (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকেরা, লাসিথ মালিঙ্গা ও অজন্থা মেন্ডিস। -বাসস