রংপুর সিটি মেয়রের বিরুদ্ধে সচিবের পরিবারকে হুমকির অভিযোগ

রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টুর বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খানের ছোট ভাই ও পরিবারের সদস্যদেরকে লাঞ্ছিত এবং হুমকি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। শনিবার সচিবের ছোট ভাই আকম শামীম খান রাজু নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। এ ব্যাপারে মেয়র ঝন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, শামীম খান রাজুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কাউকে হুমকি দেইনি। এক জনসভায় আমি বলেছিলাম, আপনারা পারিবারিক-ভাবে রংপুরকে যেভাবে গ্রাস করার চেষ্টা করছেন যদি রংপুরের জনগণ আপনাদেরকে লাঞ্ছিত করে সেজন্য আমাকে দায়ি করবেন না। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, সচিব আবু আলম মো. শহিদ খান ও তার পরিবারের সদস্য এবং সাবেক পৌর মেয়র একেএম আব্দুর রউফ মানিক সম্পর্কে যেসব অভিযোগ এনেছি তা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে যে ব্যবস্থা নিবেন আমি মাথা পেতে নেব।