শেবাচিমে ৫ মাসের শিশু চুরির অভিযোগে ১ জন আটক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৫৪
শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অভিনব কৌশলে শিশু চুরির ঘটনায় র্যাব গতকাল রবিবার হাসপাতালের সামনে থেকে জহির (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। র্যাব-৮ পরিচালক লেফটেনেন্ট কর্নেল মো. ফরিদ বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫ মাস বয়সী শিশুটিকে নিয়ে গত শুক্রবার বিকালে তার মা শাহিদা বেগম হাসপাতালে গিয়েছিলেন চিকিত্সাধীন এক নিকটাত্মীয়কে দেখতে। এ সময় হাসপাতালের তৃতীয় তলার ২১ নং ওয়ার্ডে ভদ্রবেশী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি শিশুটির সৌন্দর্যের প্রশংসা করে কোলে নেয়। কিছু সময়ের মধ্যে ওই ব্যক্তি তাদের সাথে সু-সম্পর্ক গড়ে শাহিদা বেগমের অপর ৩ ছেলের মধ্যে মায়ের সাথে যাওয়া ১১ বছরের অপু ও ৮ বছরের সিফাতকে চিপস কিনে দেয়ার কথা বলে ৫ মাস বয়সী মারিয়াকে কোলে নিয়ে হাসপাতালের নিচতলায় নিয়ে যায়। অপু ও সিফাত ফিরে এলেও শিশু মারিয়া নিখোঁজ রয়েছে।
চুরি যাওয়া শিশুর পিতা জাফর সিকদার বলেন, ৩ ছেলের পর আমার একটি মেয়ে হয়েছে। সে গত শুক্রবার হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে। আমার একমাত্র মেয়েকে ফেরত পেতে আমি র্যাবের কাছে যেতে বাধ্য হয়েছি। এর আগে কোতয়ালী পুলিশের কাছে গেলে আমাদের সাথে পুলিশ চরম খারাপ ব্যবহার করে ফেরত পাঠিয়ে দিয়েছে। কোতয়ালী পুলিশ অভিযোগ অস্বীকার করে জানায়, যেভাবে অভিযোগ দেয়া হয়েছে সেভাবে থানায় জিডি হয়েছে।