জবিতে হল নির্মাণের দাবিতে ভিসি অফিস অবরোধ

আবাসিক হল নির্মাণসহ বিভিন্ন দাবিতে গতকাল রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীরা উপাচার্য ড. মেজবাহ উদ্দিন আহমেদের কার্যালয় অবরোধ করে। দাবি আদায়ে শিক্ষার্থীরা একত্রিত হয়ে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং ভিসি বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিভিন্ন দাবিতে সাধারণ ছাত্র-ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে মিছিল বের করে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তারা ভিসি কার্যালয়ে তালা দেবার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্র-ছাত্রীরা ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তারা প্রায় এক ঘণ্টা উপাচার্যের কার্যালয় অবরোধ করে রাখে। ছাত্র-ছাত্রীরা জানায়, অবিলম্বে নতুন হল নির্মাণ করে আবাসন সমস্যার সুষ্ঠু সমাধান করতে হবে, ভর্তিতে বর্ধিত উন্নয়ন ফি ৩০০০ টাকা প্রত্যাহার করতে হবে, ক্যান্টিন, উন্নয়ন তহবিলের ১০০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ব্যবহার করতে হবে।