চলছে হামদর্দ চিকিত্সাসেবা
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২২:১৩
শেষের দিকে চলে এসেছে বাণিজ্য মেলা। তাই সবসময় দর্শনার্থীদের সমাগম মেলা প্রাঙ্গণে। প্রতি বছরই এ সময় দিন-রাত ভিড় থাকে। তবে গত শনিবার পার্টেক্স প্লাস্টিক প্যাভিলিয়নের ছাদ ধসে পড়ে রনি দাসের মৃত্যুতে প্রভাব পড়েছে মেলায়। মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের আনাগোনা থাকলেও দোতলা প্যাভিলিয়নগুলোতে ভিড় কম। স্পিড-এর প্যাভিলিয়নে লাইটিং দর্শনার্থীদের আগের মত আকর্ষণ করছে না। দর্শনার্থী ও ক্রেতারা বাইরে ঘোরাঘুরি করছেন এবং ছোট স্টল ও মিনি প্যাভিলিয়নগুলোতে ভিড় জমাচ্ছেন। আজিমপুর থেকে মায়ের সাথে মেলায় এসেছেন শিক্ষার্থী রাকিব। তিনি জানান, এ বছর মেলায় প্রথম এসেছি। বাবা-মা কেউ সময় পায় না তাই আসা হয় না। কিন্তু শনিবারের ঘটনা শুনে বাবা তো মেলায় আসতেই দিবে না, আম্মুকে জোর করে নিয়ে এসেছি।
মেলায় আয়ুর্বেদীয় পণ্য নিয়ে এসেছে অনেক স্টল ও প্যাভিলিয়ন। দেশি বিদেশি আয়ুর্বেদীয় প্রতিষ্ঠানের পাশাপাশি এসেছে হামদর্দ। প্রতি বছরই হামদর্দ প্যাভিলিয়ন মেলায় আসে। কিন্তু এবছর প্যাভিলিয়নটি সহজে চোখে পড়ছে না দর্শনার্থীদের। আড়ালে থেকেও হামদর্দের প্যাভিলিয়নে পাচ্ছেন রোগীরা চিকিত্সাসেবা। প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ জন হামদর্দ থেকে বিনামূল্যে চিকিত্সা পাচ্ছেন। প্যাভিলিয়ন থেকে মিলছে ওষুধও। এসেছে হামদর্দের মোট ৯ টি নতুন পণ্য। এসবের মধ্যে রয়েছে জিনটোন, জনর্ট, কোবি, লেডিকা, লিনা, লিভেক, নিমুলেন্ট, পামেট ও ভেলেন্ট ক্যাপসুল। এসব পণ্যের দাম ১০০ থেকে ২৫০ টাকার মধ্যে। এ বছর হামদর্দের পণ্যের উপর কোন মূল্য ছাড় দেয়া হচ্ছে না। তাই বেচা-কেনাও গত বছরের চেয়ে কম। শারীরিক ও মানসিক অবসাদ, স্নায়বিক চাপ, যৌন দুর্বলতা, বিষণ্নতা, অনিদ্রা, মস্তিষ্কের দুর্বলতা, স্মরণশক্তি হ্রাস, রক্তস্বল্পতা, ওজন হ্রাস, সর্দি, কাশি, জ্বর ইত্যাদি নানা রোগের চিকিত্সাসেবা এবং ওষুধ দিচ্ছেন ডাক্তার। হামদর্দে কর্মরত ডা. মন্নুজান লাভলী জানান, সার্জারি ছাড়া সব ধরনের রোগের বিনামূল্যে চিকিত্সা দিচ্ছে। মেলা শুরু থেকেই সব বয়সী লোকজন আসছেন এবং চিকিত্সা সেবা নিচ্ছেন।