কলকাতায় দুই বাংলার গানের উত্সব

বাংলাদেশের সঙ্গীত পশ্চিমবঙ্গের সঙ্গীতরসিকদের সামনে তুলে ধরতে কলকাতায় শুরু হচ্ছে নয় দিনের ‘বাংলা গানের উত্সব’। বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমির যৌথ উদ্যোগে এ উত্সব অনুষ্ঠিত হবে। ৮ থেকে ১৬ ফেব্রুয়ারি টালিগঞ্জে আইটিসি সংগীত রিসার্চ অ্যাকাডেমির চত্বরে অনুষ্ঠেয় এ উত্সব উত্সর্গ করা হয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। এতে বাংলাদেশের পঞ্চাশজন শিল্পী অংশগ্রহণ করবেন। পাশাপাশি কলকাতার প্রথিতযশা শিল্পীরাও গান গেয়ে শোনাবেন। গুণী শিল্পীদের সাথে একমঞ্চে বাংলাদেশের তরুণ শিল্পীরা পরিবেশন করবেন জীবনমুখী গান। এছাড়া থাকবে রবীন্দ্রনাথের গীতিনৃত্যনাট্য ও লোকগান। এ উপলক্ষে গতকাল রবিবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন শিল্পী ফরিদা পারভিন, কিরণ চন্দ্র রায়, শামা রহমান, খায়রুল আনাম শাকিল এবং ডেইলি স্টারের সংস্কৃতি সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক। বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন সভাপতি আবুল খায়ের লিটু, মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও পরিচালক সুবীর চৌধুরী। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, শাস্ত্রীয় সংগীতের চর্চা বেগবান করতে গত বছরের নভেম্বরে দেশে প্রথমবারের মতো আয়োজিত হয় ‘বেঙ্গল-আইটিসি এসআরএ উচ্চাঙ্গ সংগীত উত্সব ২০১২’। উত্সবে প্রায় একশ’জন সংগীতজ্ঞ অংশগ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় এ উত্সবের আয়োজন করা হয়েছে। কলকাতার উত্সবে সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের চিরায়ত খাবার ও বই পাওয়া যাবে। অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত বিভিন্ন শিল্পীর কণ্ঠে ধারণ করা বাংলা গানের তিরিশটি অ্যালবাম প্রকাশিত হবে। উত্সবটি সবার জন্য উন্মুক্ত থাকবে। উত্সবে সঙ্গীত পরিবেশন করবেন ইয়াকুব আলী খান, শামা রহমান, খায়রুল আনাম শাকিল, জয়তী চক্রবর্তী, ফারহানা রহমান, সন্দ্বীপ ভট্টাচার্য, সুচেতা গঙ্গোপাধ্যায়, ব্রজেশ্বর মুখোপাধ্যায়, সুচিশ্রী রায়, বিদুষী কৌশিকি দেশিকান, সুবীর নন্দী, ইফ্ফাত আরা দেওয়ান, পণ্ডিত অরুণ ভাদুড়ি, পণ্ডিত অজয় চক্রবর্তী, সানী জুবায়ের, নন্দিতা ইয়াসমিন, ফাহিম হোসেন চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, শুভমিতা, শ্রীকান্ত আচার্য, অদিতি গুপ্ত, লাইসা আহমদ লিসা, বুলবুল ইসলাম, মিতা হক, শ্রেয়া গুহঠাকুরতা, শারমিন সাথী ইসলাম, অদিতি মহসিন, স্বাগতালক্ষ্মী, সিদ্দিকুর রহমান, চন্দনা মজুমদার, রব ফকির, রামকানাই দাশ, কিরণ চন্দ্র রায়, ফরিদা পারভিন প্রমুখ। জীবনমুখী সঙ্গীত পরিবেশন করবেন অর্ণব, কৃষ্ণকলি, অর্ক, গৌরব, নবনিতা, বুনো, পান্থ কানাই, জালাল, অঞ্জন, জীবন, সাদ, সোয়েব প্রমুখ। কবিতা পাঠ করবেন বাকশিল্পী আসাদুজ্জামান নূর ও মাহবুবুর রহমান।