বিচার চেয়ে প্রশাসনকে কর্মকর্তাদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ৫৪ লাখ টাকার দরপত্র দাখিলকে কেন্দ্র করে গত ২২ জানুয়ারি সহিংস ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল মোতালেব খানের ওপর হামলা হয়। এর বিচার চেয়ে প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। গতকাল রবিবার বিকাল ৪টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান সবুজের সভাপতিত্বে এ সমাবেশ হয়। প্রতিবাদ সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তারা অংশ নেন। এ সময় বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন। অন্যথায় মানববন্ধন, কর্মবিরতি, অনশনসহ কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেয়া হয়। সভায় বক্তৃতা করেন ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ডা. এ টি এম নাসিরউদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলাম টিটো, এমরান হোসেন, সহকারী গ্রন্থাগারিক পঙ্কজ কুমার সরকার, সহকারী রেজিস্ট্রার আবুল হোসেন, শফিকুল ইসলাম, সেকশন অফিসার লুত্ফর রহমান, মিজানুর রহমান টমাস, সাইদুর রহমান জুয়েল প্রমুখ। উল্লেখ্য, গত ২২ জানুয়ারি পবিপ্রবিতে সৃষ্ট সহিংসতাকালে কতিপয় বহিরাগত দুষ্কৃতকারী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোতালেব খানের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় তিনি দুমকী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।