কিবরিয়া হত্যাকাণ্ডের পর সব আলামত নষ্ট করতে চেয়েছিল বিএনপি: হানিফ

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের পর বিএনপি সমস্ত আলামত নষ্ট করতে চেয়েছিল। আগামী মার্চের মধ্যেই নতুন চার্জশিট দাখিল করা হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, প্রথম চার্জশিটে আপত্তি আসায় পুনরায় চার্জশিট দেয়া হয়। এবার তদন্তের মাধ্যমে যে চার্জশিট দেয়া হবে তার প্রতি সবার আস্থা থাকবে বলে তিনি জানান। শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ৮ম বার্ষিকী ছিল গতকাল রবিবার। এ উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে ঢাকায় এবং হবিগঞ্জে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে বনানী কবরস্থানে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ইত্যাদি। আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দি প্রমুখ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি মোবারক আলী সিকদার ও সাধারণ সম্পাদক অরুণ সরকারের নেতৃত্বে সংগঠনটি সকালে বনানী কবরস্থানে প্রয়াতের কবরে পুষ্পস্তবক অর্পণ করে।