কাকরাইলে ভবনের ছাদ থেকে চলচ্চিত্র কর্মীর লাশ উদ্ধার

রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবনের সামনের ভবনের ছাদ থেকে ওয়াদুদ (৬০) নামের এক চলচ্চিত্র কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকালে এলাকাবাসী ৭২, কাকরাইলে অবস্থিত ওই ভবনের গাড়ির গ্যারেজের ছাদে মৃতদেহটি দেখে রমনা থানা পুলিশকে খবর দেয়। মৃতদেহের পরনে ছিল প্যান্ট-শার্ট। পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। রমনা জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) শিবলী নোমান জানান, ওয়াদুদ পার্শ্ববর্তী ইন্টার্ন কমার্শিয়াল টাওয়ারের একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থার কর্মচারী ছিলেন। ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। তবে এর পেছনে অন্য কোন রহস্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ওয়াদুদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।