প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ মার্কিন কংগ্রেসম্যানের সাক্ষাত্

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অধিকতর উন্নয়নের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল সকালে গণভবনে জ্যাক কিংসটনের নেতৃত্বে মার্কিন কংগ্রেসের ৫ সদস্যের এক প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে নিরবচ্ছিন্নভাবে চলতে দিতে হবে, কারণ এই ব্যবস্থা ছাড়া কোনো দেশই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের একথা বলেন। তার সরকার গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা জনগণের ভোটাধিকার ও তাদের ক্ষমতায়নে বিশ্বাসী। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বিগত চার বছরে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রসহ সকলের সমর্থন প্রয়োজন। প্রতিনিধি দল কৃষি, শিক্ষা ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বাংলাদেশের ব্যাপক সাফল্যের প্রশংসা করেন। তারা জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সৈন্যদের অবদানের প্রশংসা করেন। অ্যাম্বাসেডর অ্যাট-লাজ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ মো: ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।