জনগণের কল্যাণে ধর্মের উপদেশ পৌঁছে দিতে হবে
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২২:২৬
কেউ যাতে মানবাধিকার লঙ্ঘন করতে না পারে অথবা ইসলামের নামে ভুল না করে তার জন্য সর্বসাধারণের কাছে ধর্মোপদেশ পৌঁছে দিতে দেশের আলেম-ওলামাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জনগণ যাতে সঠিক পথ বেছে নেয় এবং অবিচার, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে তার জন্য তাদের ধর্মোপদেশ দিতে আপনাদের (আলেম-ওলেমা) প্রতি আহবান জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী গতকাল সকালে নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমামদের জাতীয় সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০১২-এ ভাষণ দেয়ার সময় এ আহবান জানান। ইসলামকে শান্তি, সম্প্রীতি ও সংহতির ধর্ম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই পবিত্র ধর্মের মর্যাদা রক্ষা করা সকলের কর্তব্য। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালে ইসলামের নামে ধর্ষণ, অগ্নিসংযোগ, লুট-পাট ও হত্যাযজ্ঞ চালিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারী যুদ্ধাপরাধীদের বিচার চলছে। তিনি আরো বলেন, ‘তারা তাদের কৃত অপরাধের দায় অন্যের ঘাড়ে চাপাতে চায়।’ শেখ হাসিনা পুনরায় জোর দিয়ে বলেন, ১৯৭১ সালের দুষ্কৃতকারীদের বিচার অবশ্যই সম্পন্ন করা হবে। তিনি বলেন, এমনতো হতে পারে না যে, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে না। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছিলেন। তিনি আরো বলেন, ‘কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী পরবর্তী সরকার যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বন্ধ করে দেয়।’
প্রধানমন্ত্রী বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে তার সরকার একটি ইমাম এবং মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করেছে। এ ট্রাস্টের আওতায় বয়স্ক ইমামদের অর্থনৈতিক সহায়তা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং কওমী মাদ্রাসা থেকে পাস করা আলেম-ওলামাদের কওমী সনদপত্র দেয়ার জন্য কওমী মাদ্রাসা ও শিক্ষা কমিশন গঠন করা হয়েছে।
ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট এম শাজাহান মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালও বক্তৃতা করেন। পরে প্রধানমন্ত্রী জাতীয় ও বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রশিক্ষিত ইমামদের মধ্যে চেক, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।