জোকস

গ্রামের অবস্থাপন্ন এক ব্যক্তির বহুদিনের শখ তিনি নির্বাচনে দাঁড়াবেন। জয়-পরাজয় বড় কথা নয়, তিনি যে নির্বাচন করতে পারেন এটি সবাইকে ঘটা করে জানানোই তার লক্ষ। যথাসময়ে যথাসাধ্য প্রচারণার পর এলো নির্বাচনের ফল ঘোষণার সেই দিন। দেখা গেল ওই ব্যক্তি সব মিলিয়ে মাত্র তিন ভোট পেয়েছেন। জয়ের আশা ছিল না বলে এতে খুব একটা নিরাশও হলেন না ওই ব্যক্তি। কিন্তু বাধ সাধলেন তার স্ত্রী। ফল ঘোষণার পর তিনি রাগে গজগজ করতে বলতে লাগলেন, ‘আমার আগেই সন্দেহ হয়েছিল যে তুমি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথেও ভাব-ভালোবাসা করছ। আজ নির্বাচনের ফল দেখে সেটা আরও নিশ্চিত হলাম। নইলে তুমি, আমি ছাড়া তৃতীয় ভোটটা আর কে-ই বা দেবে শুনি!’ নির্বাচনের দিন। দুই দলের সমর্থক দুই বন্ধু দাঁড়িয়েছে ভোটের লাইনে। কিন্তু সকাল হতে না হতেই ভোটকেন্দ্রের সামনে দীর্ঘ লাইন। এভাবে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রথম বন্ধু অনেকটা আফসোসের সুরেই দ্বিতীয় বন্ধুকে বলল, ‘দেখ আমিও জানি আমি আনারস মার্কায় ভোট দেব। আর এটাও নিশ্চিত যে তুই ভোট দিবি টেলিভিশন মার্কায়। তাই বলছি কী আমাদের দু’জনেরই যখন একটি করে ভোট তখন তোর আর আমার ভোট কাটাকাটি হয়ে তো ফলাফল একই থাকবে। তাই চল লাইনে না দাঁড়িয়ে থেকে বাসায় চলে যাই।’ প্রথম বন্ধুর এই প্রস্তাব পছন্দ হলো দ্বিতীয় বন্ধুটির। তাই তারা দু’জনই পা বাড়ালো বাড়ির পথে। একটু পরে কাছেই এক চায়ের দোকানে প্রথম বন্ধুটির সাথে দেখা হলো ওই সময় লাইনে দাঁড়িয়ে থাকা আরেক ভদ্রলোকের। তিনি সকালের ঘটনা মনে করিয়ে দিয়ে প্রথম বন্ধুটিকে বললেন, ‘তোমার এই ভোট কাটাকাটির খেলাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে।’ উত্তরে বন্ধুটি বললো, ‘পছন্দ হতেই হবে। তা ছাড়া এটা খুব কার্যকরও বটে। আজ সারাদিনে আমি কমপক্ষে চারজনের সাথে এভাবে কাটাকাটি খেলেছি!’