মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকের লাশ এসে পৌঁছাল হরিণাকুণ্ডর বাড়িতে

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ নূরুন নবী খোকার (২৬) লাশ রবিবার সকাল ৭টায় তার বাড়ি হরিণাকুণ্ডু সোনাতনপুর গ্রামে এসে পৌঁছায়। মোঃ সুন্নত আলীর ছেলে খোকার লাশ গ্রামে পৌঁছালে সেখানে শুরু হয় শোকের মাতম। তার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। বাবা মা বহু আশা করে পাঁচ বছর আগে ছেলেকে মালয়েশিয়া পাঠিয়েছিলেন। কিন্তু সুখ কপালে সইলো না। এবার এসে ছেলে নতুন বউ ঘরে আনবে, নতুন বাড়ি করবে— এসব কথা বলে বাবা মা বার বার মূর্ছা যাচ্ছিলেন। জানা গেছে, সে মালয়েশিয়ার পুচুংওতামা জেলার আইফেক্স ফিনিশিং ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করতেন। গত ২১ জানুয়ারি বাংলাদেশ সময় রাত আনুমানিক ১২টায় রাস্তা পরিষ্কারের ওভার টাইম কাজ করার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় নূরুন নবী ঘটনাস্থলেই মারা যান। তার লাশ গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় ঢাকায় পৌঁছায়। রবিবার সকাল ১১টায় গ্রামে তার দাফন সম্পন্ন হয়েছে।