বিসিবি’র গঠনতন্ত্র অবৈধ সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধিত গঠনতন্ত্রকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে আগামী ৭ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করে দেয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বিসিবির পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল সোমবার এ আদেশ দেন। এনএসসি কর্তৃক বিসিবির সংশোধিত গঠনতন্ত্রকে অবৈধ ঘোষণা করে রবিবার রায় দেয় হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। গতকাল এ রায় স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন করে এনএসসি ও বিসিবি। আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি শেষে চেম্বার বিচারপতি উপরোক্ত আদেশ দেন। বিসিবির পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক, এনএসরি পক্ষে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম এবং রিটকারীগণের পক্ষে ব্যারিস্টার মাহবুব শফিক ও এডভোকেট কেএম হাফিজুল আলম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের হোসেন ও জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ইউসুফ জামিল বাবু। এ রিটের পরিপ্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর আদালত রুল জারি করেন এবং সংশোধনের উপর তিন মাসের স্থগিতাদেশ দেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত সংশোধনী অবৈধ বলে রায় দেন। বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের মূল অংশ ছিল, সভাপতি পদে সরাসরি নির্বাচন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি কাউন্সিল নির্বাচন, প্রিমিয়ারের সুপার লিগের ক্লাবগুলো দু’টি করে কাউন্সিলরশীপ প্রদান, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ক্রিকেটারদের কাউন্সিলরশীপ প্রদান। নতুন সংশোধিত গঠনতন্ত্র অবৈধ বলায় ২০০৮ সালের গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির কার্যক্রম হওয়ার কথা ছিল।