সহস্রাধিক কমিউনিটি ক্লিনিক এ বছরই চালু
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ২১:০৬
চলতি বছরেই সারাদেশে আরো সহস্রাধিক কমিউনিটি ক্লিনিক চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাত হাজার ডাক্তার নিয়োগ করা হবে। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা জানানো হয়।
সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিটির সদস্যরা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চান। জবাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয় সারাদেশের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে ডাক্তারের শূন্য পদ পূরণের লক্ষ্যে বর্তমান সরকার এ পর্যন্ত ছয় হাজার ৬৫ জনকে নিয়োগ প্রদান করেছে। তাছাড়া আরো সাত হাজার ডাক্তার নিয়োগ প্রদানের চাহিদা প্রদান করা হয়েছে। মন্ত্রণালয় কমিটিকে বলেছে বর্তমানে ১২ হাজার ২১৭টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। অচিরেই এই সংখ্যা সাড়ে ১৩ হাজারে উন্নীত করা হবে। অপরদিকে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইজার (সিএইচসিপি) নামে সাড়ে ১৩ হাজার নতুন পদ সৃষ্টি হয়েছে। এসব পদের বিপরীতে ইতিমধ্যে ১২ হাজার ২৪০ জনকে নিয়োগ দেয়া হয়েছে। কমিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং আরো ক্লিনিক স্থাপন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সকল কার্যক্রমের তদারকি জোরদার ও ব্যবস্থাপনার উন্নয়নের সুপারিশ করে। কমিটির সদস্যরা কমিউনিটি ক্লিনিকের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে লোক নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন। এর আগে বৈঠকের শুরুতে উপজেলা কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শনের জন্য কমিটির সভাপতি মো. আলী আশরাফকে আহ্বায়ক এবং বিএম মোজাম্মেল হক ও খালিদ মাহমুদ চৌধুরীকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে কার্যকর ভূমিকা গ্রহণের জন্য বৈঠকে সুপারিশ প্রদান করা হয়। কমিটির সদস্য রাশেদা বেগম হীরা এবং বিএম মোজাম্মেল হক বৈঠকে অংশগ্রহণ করেন। আইএমইডি সচিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।