বিভিন্ন দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ

বিএনসি ইন হেলথ টেকনোলজির (ডেন্টাল) শিক্ষার্থীদের পাঁচ দফা এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ-আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার পৃথক কর্মসূচির মাধ্যমে তারা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখে। এ কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা শাহবাগে যান চলাচল বন্ধ ছিল। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়ে নগরবাসী। গতকাল সকাল সাড়ে ৯টায় জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরতরা। মানববন্ধন শেষে তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখে। দুপুর ১টার দিকে তারা সড়ক অবরোধ তুলে নেয়। এদিকে কোর্সের নাম পরিবর্তনসহ পাঁচ দফা দাবিতে গতকাল একই সময়ে শাহবাগ মোড়ে অবরোধ করে বিএনসি ইন হেলথ টেকনোলজি (ডেন্টাল) কোর্সের শিক্ষার্থীরা।