শরীয়তপুরে সিরিজ বোমা হামলা মামলায় দুই আসামির ফাঁসি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ২১:৩১
২০০৫ সালে শরীয়তপুরে সিরিজ বোমা হামলা মামলার রায়ে গতকাল সোমবার কামরুজ্জামান ওরফে স্বপন (২৭) ও মালেক বেপারী ওরফে মালেক জেহাদীর (২৮) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। ফাঁসিতে ঝুলিয়ে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ প্রদান করেন শরীয়তপুরের জেলা ও দায়রা জজ মো. সাজেদুল করিম।
জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ডাকবাংলোর সামনে ও পালং বাজারে একযোগে একই সময়ে বোমা হামলা হয়। ওইদিন সদর (পালং) থানার উপ-পরিদর্শক বদরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন তদন্ত শেষে শায়েখ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের মৃত রাজ্জাক ভুঁইয়ার পুত্র কামরুজ্জামান ওরফে স্বপন, ডামুড্যা উপজেলার মালগাঁও গ্রামের মৃত মজিদ বেপারীর পুত্র মালেক বেপারী ওরফে মালেক জেহাদীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ৩০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ মামলার আসামি শায়েখ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের অন্য মামলায় মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করায় এ মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।
পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা হজরত আলী এ রায় প্রদানের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ কামরুল হাসান বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। এ আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।