পবিপ্রবি বাবুগঞ্জ ক্যাম্পাসে ছাত্রলীগের ২০ জনের বিরুদ্ধে ব্যবস্থা

পবিপ্রবি বাবুগঞ্জ ক্যাম্পাসে ছাত্রলীগের মনোনীত ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ না দেয়ায় পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক ২০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে টানটান উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ১০ ডিসেম্বর বাবুগঞ্জ ক্যাম্পাসের ছাত্রলীগ কর্মীদের পছন্দের ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ না দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে কলেজের ডিন প্রফেসর ড.আব্দুল বাসেত সহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। বিমানবন্দর থানা পুলিশ কলেজের ডীনসহ শিক্ষকদের উদ্ধার করতে এলে ছাত্রলীগের ক্যাডাররা পুলিশ ও সাংবাদিকদের উপর হামলা চালায়। বিমানবন্দর থানার ওসি মোঃ শহিদুল্লাহকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়া হয়। হামলায় পুলিশ ও সাংবাদিকসহ ৩০ জন আহত হয়। এ ব্যাপারে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে বিমানবন্দর থানার এসআই সাহা সাব বাদী হয়ে ছাত্রলীগের ১৮ জনের নামে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে।