মংলার ফেরি সার্ভিস ২৪ ঘণ্টার মধ্যে ৮ ঘণ্টা চালু থাকে

নাব্যতা সংকটের কারণে মংলার একমাত্র ফেরি সার্ভিসটি দিন রাত ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৮ ঘন্টা চলাচল করছে। বেশিরভাগ সময় ফেরিটি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গুরুতর অসুস্থ,ব্যবসায়ীসহ ভুক্তভোগীরা। কখন জোয়ারের পানি বৃদ্ধি পাবে-এ অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে এ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক, পিক আপ ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চালকদের। সড়ক ও জনপথ বিভাগ কয়েক দফা ঘাট সমপ্রসারণ করলেও অবস্থার কোন উন্নতি হয়নি। এ অবস্থায় জরুরি ভিত্তিতে নদী খননের প্রয়োজন হয়ে পড়েছে। জানা যায়, মংলাবাসীর দাবির প্রেক্ষিতে সওজ বিভাগ ২০০২ সালে মংলা নদী পারাপারে এই ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেয়। ফেরী সার্ভিস চালুর ৩/৪ বছর যেতে না যেতেই নদীর দক্ষিণ পাড়ে অব্যাহতভাবে চর পড়তে থাকায় এর স্বাভাবিক চলাচল দারুণভাবে ব্যাহত হয়। বর্তমানে দক্ষিণের পাশাপাশি উত্তর পাড়েও চর পড়তে শুরু করেছে। এতে ভাটির সময় ফেরি চলাচল করতে পারছে না। এ অবস্থায় ভূক্তভোগীদের অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে। নাব্যতা সংকটের কারণে ফেরী চলাচল বন্ধ রাখার কথা স্বীকার করে বাগেরহাটের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনোয়ার উজ জামান জানান, ঘাট সমপ্রসারণ করতে করতে নদীর মাঝ পর্যন্ত আসা হয়েছে। এ অবস্থায় খননের বিকল্প কিছুই নেই। কিন্তু নদী খনন আমাদের দপ্তরের কাজ নয়।