শিম চাষে মধুখালীর আমিরুলের সাফল্য

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের মৃত. জাহাঙ্গীর সেখের একমাত্র সন্তান আমিরুল। মায়ের গর্ভে থাকাবস্থায় বাবা জাহাঙ্গীর সেখ ১৯৯১ সালে মারা যান। ১৯৯১ সালের ২১ নভেম্বর আমিরুলের জন্ম। ১০ বছর বয়স থেকেই অন্যের বাড়িতে কামলার কাজ করে মাকে নিয়ে সংসার ও নিজের লেখাপড়া খরচ বহন করতো। আমিরুল বর্তমানে সরকারি আইনউদ্দিন কলেজের বি বি এস শ্রেণির প্রথম বর্ষের ছাত্র। গত দুই বছর যাবত্ ২০ শতাংশ জমিতে শিম ও মরিচের চাষ করে সে সাফল্য অর্জন করে। বাকি ২০ শতাংশ জমিতে ধান চাষ করে। তাতে যা হয় তা দিয়ে লেখাপড়ার খরচ আর সারা বছর সংসারের খরচ বহন করে আমিরুল। আমিরুল জানায়, ৭ বছর আগে বাবার গ্রামের ১০ শতাংশ জমি বিক্রি করে বৈকুণ্ঠপুরে বাড়ির পাশে ২০ শতাংশ জমি খরিদ করি। ওই ২০ শতাংশ জমি নিয়ে স্বপ্ন দেখি। শুরু করি নিজেই চাষাবাদ। গত বছর জমিতে মরিচের সাথে শিম চাষ শুরু করি। মরিচ বিক্রি থেকে ২০ হাজার টাকা পাই। পরে শিম বিক্রি থেকে ৩০ হাজার টাকা। এ বছর মরিচ থেকে প্রায় ২৫ হাজার টাকা পেয়েছি। তবে শিমের ফলন এবার দ্বিগুণ হওয়ার সম্ভাবনা। যদি কোন দুর্যোগ না হয় তবে শিম থেকে এবার প্রায় ৩০/৩৫ হাজার টাকা পাবার সম্ভাবনা।