পীরগঞ্জে পাখি জবাই দু’জনের কারাদণ্ড

বিলুপ্ত প্রজাতির পাখি মদনটাকের মাংস খাওয়ার লোভে পড়ে শ্রীঘরে যেতে হলো দুই ব্যক্তিকে। পাখিটি জবাই করে পেটপূজা সারার আগেই পুলিশের হাতে পাকড়াও হয়েছে তারা। রবিবার আলোচিত এই ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। দণ্ডাদেশ-প্রাপ্তরা হলেন রঘুনাথপুর গ্রামের আনজুর রহমানের ছেলে আসাদ (২৮) ও গুয়াগাও গ্রামের মাইনুদ্দীনের ছেলে সুলতান (৩৫)। সকালে ওই দুই ব্যক্তি পাখিটি জবাই করলে দুপুরে তাদের আটক করে পুলিশ। পরে সন্ধ্যা ৭টায় আটক আসাদ ও সুলতানকে ৬ মাসের কারাদণ্ড ও ৬শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শাব্বীর আহমেদ এ রায় প্রদান করেন। পীরগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, ১৫ জানুয়ারি বিকেলে উপজেলার ঝলঝলী গ্রামের একটি পুকুরপাড়ে শিকারীদের বন্দুকের গুলিতে আহত এই পাখিটিকে উদ্ধার করেন বশির উদ্দিন নামে এক ব্যক্তি। পরে পীরগঞ্জ ইউএনওর নির্দেশে মদনটাক পাখিটিকে প্রাথমিক চিকিত্সার জন্য বন বিভাগ ওই এলাকা থেকে নিয়ে এসে পীরগঞ্জের অ্যামিউজমেন্ট পার্ক ফানসিটিতে রাখা হয়। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে পাখিটির চিকিত্সা চলছিল। সকালে ওই পাখিটি অ্যামিউজমেন্ট পার্ক ফানসিটি থেকে উড়ে বাইরের একটি পুকুরে এসে পড়ে। এ সময় পার্শ্ববর্তী একটি মিলের কর্মচারীরা পাখিটিকে ধরে ফেলে এবং পাখিটি জবাই করে।