পূর্বধলার ইউপি চেয়ারম্যান বরখাস্ত আদেশ স্থগিত
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ২১:৫৯
পূর্বধলা উপজেলার নারাণদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সম্রাটের বরখাস্তের আদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন ৩ মাসের জন্য স্থগিত করেছে এবং এই আদেশ কেন বেআইনী ও বাতিল হবে না মর্মে স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব এবং ইউএনওকে চার সপ্তাহের মধ্যে জবাবদানের জন্য কারণ দর্শানো নোটিস প্রদান করা হয়েছে। গত রবিবার বিকালে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সম্রাট উচ্চ আদালতের রায়ের কপি দিয়ে জানান, গত ১৯ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (৭/২০০৭/৭৭৯/১৯/১২/২০১২) আদেশে তাকে বরখাস্ত করা হয়। তিনি এই আদেশের বিরুদ্ধে ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আপিল করলে হাইকোর্টের মাননীয় বিচারক বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদ উভয় পক্ষের শুনানি শেষে উপরোক্ত আদেশ প্রদান করেন।
এখানে উল্লেখ্য, ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে গত ১৯ ডিসেম্বর চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়।