সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ২২:০১
বারহাট্টায় ভোক্তা অধিকার বিষয়ে কর্মশালা
বারহাট্টা, (নেত্রকোনা) সংবাদদাতা \ ভোক্তা অধিকার আইন সংরক্ষণ ও বাস্তবায়নে নাগরিক সমাজের করণীয় ও জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালা গতকাল রবিবার বারহাট্টায় অনুষ্ঠিত হয়েছে।
বারহাট্টা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ বারহাট্টা কেন্দ্রের যৌথ উদ্যোগে উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফরিদ আহমেদ।
শেরপুর ভিক্টোরিয়া একাডেমির ১২৫ বছর পূর্তি
শেরপুর প্রতিনিধি \ শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির ১২৫ বছর পূর্তি উত্সব আজ মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে শুরু হচ্ছে। জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ দু’দিনব্যাপী উত্সবের উদ্বোধন করবেন।
জীবননগরে নবীনবরণ
জীবননগর সংবাদদাতা \ গতকাল সোমবার চুয়াডাঙ্গা জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম।
তালায় মধুসূদন দত্তের জন্মবার্ষিকীতে অনুষ্ঠান
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পূর্বপুরুষের আবাসস্থল সাতক্ষীরার তালা উপজেলার গোপালপুর গ্রামে কবির ১৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করে গণ-সাংস্কৃতিক কেন্দ্র। এ উপলক্ষে রবিবার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনাসভার আয়োজন করা হয়।
মধুখালীতে শিক্ষক-ছাত্র-অভিভাবক দিবস উদ্বোধন
মধুখালী(ফরিদপুর)সংবাদদাতা \ সোমবার উপজেলার ঐতিহ্যবাহী মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের দু’দিনব্যাপী শিক্ষক-ছাত্র-অভিভাবক দিবসের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মইন উদ্দীন আহমদ। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রমেন্দ্রনাথ বিশ্বাস।
হাতিয়ায় অবহিতকরণ সভা
হাতিয়া সংবাদদাতা \ সোমবার এনজেন্ডার হেলথ বাংলাদেশ কর্তৃক আয়োজিত হাতিয়া পরিবার পরিকল্পনা মিলনায়তনে এন এসভি গ্রহীতাদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা.আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মো. ওয়ালী উল্ল্যাহ।
ফেনীর লাইব্রেরিতে ভ্রাম্যমাণ আদালত
পরশুরাম সংবাদদাতা \ ফেনীতে ভ্রাম্যমাণ আদালত রবিবার দুটি লাইব্রেরিতে অভিযান চালিয়ে বেশকিছু অবৈধ গাইড বই জব্দ এবং দুই হাজার টাকা করে জরিমানা করেছে।
কচুয়া মহিলা আওয়ামী লীগের সম্মেলন
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা \ ২৭ জানুয়ারি কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন স্থানীয় হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রথমপর্বে ছিল আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নাহার ভুঁইয়া।
পাকুন্দিয়ায় বখাটের কারাদণ্ড
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রবিবার ভ্রাম্যমাণ আদালত নেশাগ্রস্ত এক বখাটেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। তার নাম ফারুক মিয়া (২৫)। সে উপজেলার মির্জাপুর গ্রামের মতি মিয়ার ছেলে।
লাকসামে মেধাবৃত্তি প্রদান
লাকসাম সংবাদদাতা \ লাকসাম উপজেলার কাগৈয়া তোরাব আলী উচ্চ বিদ্যালয়ে গতকাল রবিবার আম্বিয়া খাতুন শিক্ষাট্রাস্ট মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আ.বা. রিশাদুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা একে রিয়াজুল করিম।
ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও দিদার বাহিনীর সদস্য সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। সে আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের মৃত এবাদুল্লার ছেলে।
বিশ্বনাথে সুন্নী মহা-সম্মেলন
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথে আজ মঙ্গলবার পশ্চিম শ্বাসরাম গ্রামবাসির উদ্যোগে ৫ম পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও আল্লামা ফুলতলী ছাহেব কিবলার ইছালে ছয়াব উপলক্ষে ইসলামী সুন্নী মহা-সম্মেলন জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত সম্মেলনে চলবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন সমাজ সেবক হাজী মো. সাজিদ আলী।
টাঙ্গাইল প্রেসক্লাবে পরিচিতি সভা
টাঙ্গাইল প্রতিনিধি \ টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকর পরিষদ সদস্যদের পরিচিতি সভা সোমবার রাতে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কার্যকর পরিষদ সদস্যদের পরিচয় করিয়ে দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ।
ফরিদপুরে মিছিল থেকে সাংবাদিক আটক
ফরিদপুর প্রতিনিধি\ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর শিবির শহরে একটি মিছিল বের করে। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সংগ্রামের ফরিদপুর জেলা প্রতিনিধি আশরাফুজ্জামান দুলালকে আটক করেছে পুলিশ। সোমবার ফরিদপুর জেলা ছাত্রশিবির শহরের জনতা ব্যাংকের মোড়ে একটি মিছিল বের করে। মিছিলের ছবি ও সংবাদ সংগ্রহ করতে গেলে বিনাকারণে কোতয়ালী থানার উপ-পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সাংবাদিক দুলালকে আটক করে।
হুইপ মির্জা আজম ‘শিক্ষা বন্ধু’ উপাধিতে ভূষিত
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা\ মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মির্জা আজম এম.পিকে মাদারগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ’ শিক্ষা বন্ধু’ উপাধিতে ভূষিত করেছেন। শনিবার তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ (মানি) এর ১৭তম বার্ষিকী সম্মেলনে মির্জা আজমকে এই পদক দেয়া হয়।
অধ্যক্ষ আব্দুস সাত্তারের ডক্টরেট ডিগ্রি লাভ
সিরাজগঞ্জ প্রতিনিধি \ সিরাজগঞ্জের শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুস সাত্তার পরিবেশ বিজ্ঞানে ‘অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের প্রভাব’ বিষয়ে ইউএসএ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ স্টাডি সেন্টার থেকে ২০১২ সালে (পিএইচডি) ডিগ্রী লাভ করেন।
জীবননগরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
জীবননগর সংবাদদাতা \ চুয়াডাঙ্গা-জিন্নানগর সড়কে রবিবার তেঁতুলিয়া বাড়ভাঙ্গা নামক স্থানে করিমনের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হচ্ছে: জেলার দামুড়হুদা উপজেলা শহরের বাজারপাড়ার মৃত হাজী আব্দুল খালেকের ছেলে আতিয়ার রহমান (৪৮) ও ঢাকা মহাখালীর রসুলবাগের মাদরাসা ছাত্র ফয়সাল আহাম্মদ (২২)।
মাদারীপুরে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা
মাদারীপুর প্রতিনিধি \ বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত সিসিমপুর আউটরীচ প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এম.এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সী।
হোমনায় ভেজাল-বিরোধী অভিযান
হোমনা সংবাদদাতা \ গতকাল সোমবার সহকারী কমিশনার ভূমি শারমিন ইয়াসমিনের নেতৃত্বে হোমনা বাজারে ভেজাল-বিরোধী অভিযান পরিচালিত হয়। এতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে বাজারের মোল্লা রেস্তোরাঁকে ৫ হাজার টাকা, গৌর মিষ্টান্ন ভান্ডার ও মায়ের আর্শীবাদ মিষ্টান্ন ভান্ডারকে এক হাজার টাকা করে জরিমান আদায় করা হয়।
নাগরপুরে আওয়ামী লীগের সম্মেলন
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার তেবাড়িয়া জনতা মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন থানা আওয়ামী লীগের সভাপতি মো. রিয়াজউদ্দিন তালুকদার। সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা।
মোরেলগঞ্জে মত্স্যজীবী দলের কমিটি
মোরেলগঞ্জ সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়ন জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের কমিটি রবিবার গঠন করা হয়েছে। মাসুদ মোল্লাকে সভাপতি ও শিমুল ফকিরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ধামইরহাটে পরীক্ষার্থীদের বিদায়
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁ ধামইরহাটে জগদল আদিবাসী স্কুল ও কলেজের ২০১৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। সোমবার অনুষ্ঠানের মধ্যে ছিল মিলাদ-মাহফিল। পরে কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন।
স্বরূপকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রবিবার উপজেলার ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দরে অভিযান চালিয়ে ৭ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেন।
ছাতকে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী রবিবার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও কুইজ বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।
চরভদ্রাসনে মোবাইল কোর্ট
চরভদ্রাসন(ফরিদপুর) সংবাদদাতা \ চরভদ্রাসন বাজারে রবিবার ৩টি দোকানে মোবাইল কোর্ট অভিযান চালায়। জানা যায় আমিন স্টোর, উজ্জল স্টোর ও দেওয়ান স্টোরে অভিযান চালিয়ে মোট ৮,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার দিল আফরোজা বেগম।
পাঁচবিবিতে ব্যবসায়ীর টাকা ছিনতাই
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা \ গতকাল সোমবার পাঁচবিবি থানা থেকে ৫শ’ গজ দূরে শহীদ বিমল সড়ক মোড়ে ৬/৭ জনের একদল ছিনতাইকারী ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাই করেছে। ছিনতাইকারীদের আক্রমণে আহত ব্যবসায়ী পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন।
জগন্নাথপুরে গভর্ন্যান্স প্রকল্পের কর্মশালা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ উপজেলা পরিষদকে কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ সিলেট ও সুনামগঞ্জের আয়োজনে জগন্নাথপুরে ৩দিনব্যাপী কর্মশালা রবিবার সম্পন্ন হয়েছে। আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে কর্মশালার সমাপনী দিনে ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর সায়লা খান বক্তব্য রাখেন।
খালিয়াজুরীর ধনু নদীতে জাল ও বাঁশ আটক
নেত্রকোনা প্রতিনিধি ও খালিয়াজুরী সংবাদদাতা \ নেত্রকোনা হাওর উপজেলা খালিয়াজুরীর উন্মুক্ত ধনু নদীতে অমত্স্যজীবী প্রভাবশালী ব্যক্তিগণ কর্তৃক বেআইনীভাবে নির্মিত ২২টি বাঁশের ঘের গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং সকল বাঁশ আটক করা হয়েছে। এছাড়া মাছ ধরার জালও আটক করা হয়েছে। শনিবার ও রবিবার খালিয়াজুরী উপজেলার ধনু নদীর ৬ কিলোমিটার এলাকায় উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের অভিযানে অবৈধ সার আটক
মংলা সংবাদদাতা \ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা মংলার পশুর নদীসংলগ্ন চালনা লঞ্চঘাট এলাকা থেকে ১৪০ বস্তা অবৈধ টিএসপি সার আটক করে। আটককৃত সারের মূল্য আনুমানিক তিন লাখ টাকা। কোস্ট গার্ডের পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম মো্স্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার অভিযান পরিচালনা করে এ সার আটক করে।
মিঠাপুকুরে মালয়েশিয়া অভিবাসন বিষয়ক সম্মেলন
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুর প্রেসক্লাবে ওয়্যারবী নিরাপদ অভিবাসন তথ্য সহায়তা কেন্দ্রের উদ্যোগে রবিবার নিরাপদ অভিবাসনের প্রতিবন্ধকতা ও এর প্রতিকার শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন ওয়্যারবীর চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফরেনার বিউডিন আলেক্সান্ডার বিন্ট, ওয়্যারবী নিরাপদ অভিবাসন তথ্য সহায়তা কেন্দ্রের ট্রেইনার হারুন-অর-রশিদ ও ফিল্ড অর্গানাইজার সুইটি আকতার।