জুজুর ভয় দেখাবেন না

কোনো ওয়ান ইলেভেন আসবে না : নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম জামায়াতকে জঙ্গি, সন্ত্রাস ও দুর্বৃত্তর দল আখ্যায়িত করে বলেছেন, এদেশে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার সময় এসেছে। সরকার, জাতীয় সংসদ, নির্বাচন কমিশন ও জনগণকে এখনই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। জঙ্গি স্টাইলে তাদের তাণ্ডব আর চলতে দেয়া যায় না। কঠোর হাতে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জনতার প্রত্যাশা’ আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার, সংসদীয় গণতন্ত্রকে অকার্যকরের ব্যর্থ চেষ্টা, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। কারণ এটি এখন ‘ডেড ইস্যু’। হুমকি-ধামকি দিয়ে কোন অযৌক্তিক দাবি আওয়ামী লীগের কাছ থেকে আদায় করা যাবে না। বিরোধী দলকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য মাঠে নেমেছি, আপনারাও নামুন নইলে পিছিয়ে পড়বেন। তিনি বলেন, দেশে আর কোন ওয়ান ইলেভেন আসবে না। ওয়ান ইলেভেনের জুজুর ভয় দেখিয়ে কোন লাভ হবে না। সারাবিশ্বের মানুষ বাচ্চু রাজাকারের রায়কে স্বাগত জানিয়েছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকারের রায়ের মাধ্যমে সমস্ত গুজব, সংশয় ও মিথ্যাচারের অবসান হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে বিচার স্বচ্ছ হচ্ছে। সভায় আরো বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি আব্দুল মান্নান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।