ভারত-পাকিস্তান বাস সার্ভিস ও বাণিজ্য চালু হয়েছে

ভারত ও পাকিস্তানের জম্মু ও কাশ্মীর সীমান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়ার পক্ষকালের বেশি সময় বন্ধ থাকা বাণিজ্য এবং বাস সার্ভিস গতকাল সোমবার আবার চালু হয়েছে। গত ৬ জানুয়ারি থেকে কয়েক দফা দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে গুলি বিনিময় এবং হতাহতের পর সীমান্তে বাণিজ্য এবং বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছিল। খবর বিবিসি ও এনডিটিভির। ভারতের বেসামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তের উত্তেজনা প্রশমিত হয়েছে। গতকাল পুঞ্চ জেলার চাকান দা বাগ পয়েন্ট দিয়ে শতাধিক লোক সীমান্ত পার হয়েছে। আটকেপড়া লোকদের পারাপারে অগ্রাধিকার দেয়া হচ্ছে। ২০০৫ সালে এই পয়েন্ট দিয়ে বাস সার্ভিস ও ২০০৮ সালে বাণিজ্য শুরু হয়। গত শনিবার ভারতের ৬৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সেদিন দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর বাণিজ্য এবং বাস সার্ভিস চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। দুই দেশের সীমান্তে উত্তেজনা সৃষ্টির পর পাকিস্তান পুঞ্চ সেক্টরের চাকান দা বাগ গেট বন্ধ করে দিলে বাস সার্ভিস এবং বাণিজ্য বন্ধ হয়ে যায়। তবে কাশ্মীরের উরি পয়েন্টে লোক পারাপার চালু ছিল। সীমান্তে গুলি বিনিময়ের ঘটনায় পকিস্তানের তিন জন এবং ভারতের দুই জন সৈন্য নিহত হয়। সৈন্য নিহত হওয়ার ঘটনায় দেশ দুটি একে অপরকে দায়ী করলেও কেউ সৈন্য হত্যার বিষয়টি স্বীকার করেনি।