অপহরণের তিনদিন পরেও ঝালকাঠির স্কুলছাত্রীর খোঁজ মেলেনি

ঝালকাঠির রাজাপুরের এক স্কুলছাত্রী অপহরণের পর তিন দিন অতিবাহিত হলেও তার সন্ধান দিতে পারেনি পুলিশ। অপহূত ছাত্রীর মা জানান, গত শুক্রবার ঝালকাঠি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির পড়ুয়া মেয়েকে নিয়ে তিনি পূর্ব ইন্দ্রপাশা গ্রামে মাহফিল শোনার জন্য যান। রাত ৮টার দিকে মাকছুদা বেগম তার মেয়ে ও ননদের ছেলে মামুনকে ঘরে রেখে বাইরে যান। পরে ঘরে এসে তাদের দু’জনকে না দেখে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু ব্যর্থ হয়ে রাজাপুর থানার ওসি আতাউর রহমানকে ফোনে বিষয়টি জানান। ওসি ধমক দিয়ে বলেন, মেয়ে কারো সাথে না গেলে কি জোর করে কেউ নিতে পারে। একথা বলেই তিনি ফোন কেটে দেন। পরদিন সকালে রাজাপুর থানায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করলে আসামি মামুনের মাকে গ্রেফতার করা হয়। কিন্তু এখনো পর্যন্ত অপহূতকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গতকাল সোমবার রাজাপুর থানার সামনে মাকছুদা বেগমকে আহাজারি করতে দেখে কাছে গেলে তিনি সাংবাদিকদের বলেন, তিন দিন হয়ে গেছে আমার মেয়ে নিখোঁজ। তাকে খোঁজার জন্য গাড়ির তেল খরচ বাবদ রাজাপুর থানা পুলিশ আমার কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছে। অথচ মেয়ের সন্ধান তো দিলোই না উল্টে আমাকে থানায় না আসার জন্য তারা ধমক দেয়। এ ব্যাপারে জানতে চাইলে রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, আমাদের উদ্ধার কাজ চলছে। আমরা অপহরণকারীর মা ও বাবাকে গ্রেফতার করে ঝালকাঠি পাঠিয়েছি। তবে ‘তেল খরচের’ নামে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। বরং ওই ছাত্রীর মায়ের থানায় আসার মোটর সাইকেলের ভাড়াও এক এসআই দিয়ে দিয়েছেন বলে তিনি দাবি করেন।