চেক ক্লিয়ারিংয়ে এক লাখ টাকা পর্যন্ত ফি মওকুফ চায় ডিসিসিআই

চেক ক্লিয়ারিংয়ের ওপর ধার্য করা ফি প্রত্যাহার করতে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। পুরোপুরি সম্ভব না হলেও এক লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্লিয়ারিং দেয়ার অনুরোধ সংগঠনটি জানিয়েছে। ব্যাংকের সুদহার কমানো ও রেমিট্যান্স পাঠানোর ব্যক্তিদের স্বীকৃতি দিতে ১০ জনকে নির্বাচিত করাসহ বেশকিছু আহ্বান জানিয়েছে ডিসিসিআই। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে গতকাল সোমবার ডিসিসিআইয়ের নেতারা এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, ডিসিসিআইয়ের সভাপতি সবুর খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, ব্যবসায়ী বা গ্রাহকদের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন রকম চার্জ আদায় করে থাকে। এসব চার্জের ওপর নতুন করে চেক ক্লিয়ারিংয়ে চার্জ আরোপ করায় ব্যবসায়ীদের জন্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এজন্য চেক ক্লিয়ারিংয়ে চার্জ প্রত্যাহার করা প্রয়োজন। পুরোপুরি সম্ভব না হলেও কমপক্ষে এক লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্লিয়ারিং করার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানান ডিসিসিআই সভাপতি সবুর খান। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক তাদের আশ্বস্ত করেছে যে, বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। পুনর্বিবেচনার পরে কী করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চেক ক্লিয়ারিং বিষয়ে গত নভেম্বরে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট। ওই সার্কুলারে ব্যাংকগুলোর নিজস্ব উত্স থেকে এ চার্জ মেটানোর পরামর্শ দেয়া হলেও তা না মেনে গ্রাহকদের কাছ থেকেই দিগুণ ক্লিয়ারিং ফি আদায় করা হচ্ছে।