করাচিতে কয়েকটি সহিংস ঘটনায় নিহত ১৩

পাকিস্তানের করাচিতে গতকাল সোমবার কয়েকটি সহিংস ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। সকালে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলি জিন্নাহর সমাধির কাছে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। অপর এক ঘটনায় করাচির সোহরাব ঘট এলাকায় একজন নিহত হয়েছেন। নিউ করাচির ৫-জে সেক্টরে একটি রাজনৈতিক দলের কর্মী ও দুই বছরের একটি শিশু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। খবর ডন-এর। একই দিন করাচির লিয়ার এলাকায় দুয়া হোটেলের কাছে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। লিয়ার এলাকার বক্র পিরি ও মুসা লেনে আরো দুই ব্যক্তির লাশ পাওয়া গেছে। অপর এক ব্যক্তি সুরজানি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। অরঙ্গি এলাকায় ৮ বছরের এক শিশু লক্ষ্যভ্রষ্ট গুলিতে নিহত হয়েছে। অপর এক ব্যক্তি করাচির কোরাঙ্গি এলাকার মেহরানে খুন হয়েছেন। নিউ করাচির ৫-জে ও ৫-ই সেক্টরে পৃথক ঘটনায় রাজনৈতিক দলের এক কর্মীসহ দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। এছাড়া অরঙ্গি শহরের নিউ মিয়াওয়ালী এলাকায় মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময় হয়। এতে ছয় শিশু আহত হয়। স্যার সৈয়দ থাকার পুলিশ চোরাই মোবাইল ও অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করে।