ক্যাম্পাসের টুকরো খবর

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ++ক্যাম্পাস প্রতিবেদক সম্প্রতি মোমতাজ মেমোরিয়াল হাইস্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শ্যামলী শাখার উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোমতাজ মেমোরিয়াল হাইস্কুলের চেয়্যারম্যান রওশন আরা সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন শাহিন সিদ্দিকী ও মাওলানা আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রথমেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় স্কুলের শিক্ষর্থীরা। আলোচনা সভায় সেলিনা হোসেন বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। পথেঘাটে নারী নির্যাতন বেরে গেছে। আমাদের শুধু ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা দিলেই চলবে না তাদের নৈতিকতাও শিখাতে হবে। কোন শিক্ষার্থী যেন রাস্তায় দাঁড়িয়ে ইভটিজিং না করে এ বিষয়ে শিক্ষক এবং অভিভাবকদের সচেতন থাকতে হবে। নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের অবহেলিত নিম্নবিত্তসহ সকল শিশু শিক্ষার অধিকার বাস্তবায়ন করতে হবে। আমি আশা করি মোমতাজ মেমোরিয়াল হাইস্কুলের কর্তৃপক্ষ এ বিষয়ে এগিয়ে আসবে। --- সাউথ পয়েন্ট স্কুলে জমকালো আয়োজন ++ক্যাম্পাস প্রতিবেদক প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, কোনরকম লাভ- লোকসানের কথা না ভেবে প্রকৌশলী এম এ রশিদ সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজটি গড়ে তুলেছিলেন। যেটি এখন বাংলাদেশের ভবিষ্যত্ নাগরিক গড়ে তোলার কাজ করে যাচ্ছে। মাত্র ২০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৭ হাজার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশ বছর পূর্তি, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। রেলমন্ত্রী বলেন, এমএ রশিদ এমন একজন মানুষ যাকে দেশের মানুষ সারাজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।