দুই মাস পর ডিএসইতে তিনশ’ কোটি টাকা লেনদেন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ১৯:৫১
দুই মাস পর গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে তিনশ’ কোটি টাকার উপরে। লেনদেনের পাশাপাশি বেড়েছে সূচকও। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪১ কোটি টাকা। এর আগে তিনশ’ কোটি টাকা লেনদেন হয়েছিল দুই মাস আগে গত ২ ডিসেম্বর। সেদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩১২ কোটি টাকা।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড সূচক বা ডিএসইএক্স ৬৪ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই ৩০ মূল্যসূচক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই’র সাধারণ মূল্যসূচক ৫২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে হাত বদল হয়েছে ৯ কোটি ৮০ লাখ ১২ হাজার ৪১৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪১ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৪১০ টাকা। যা আগের দিনের চেয়ে ১০৯ কোটি ৮৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৭২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৭টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোমপানি হলো-ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনিক হোটেল, বেক্সিমকো, জেনারেশন নেক্সস্ট, এনবিএল, আরএন স্পিনিং, সায়হাম কটন, সামিট পাওয়ার, কেয়া কসমেটিক্স ও বিএসসিসিএল। দরবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো-ওসমানিয়া গ্লাস, এফএএস ফাইন্যান্স ১ম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, ফাইন ফুডস, ফু-ওয়াং ফুডস, ফু-ওয়াং সিরামিকস, রহিম টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সামিট এলায়েন্স পোর্ট ও ন্যাশনাল টিউবস। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো-পূরবী জেনারেল, ম্যাকসন স্পিনিং, গ্ল্যাক্সোস্মিথ কেলাইন, রেকিট বেঙ্কিজার, ডেল্টা স্পিনিং, এনটিসি, রূপালী লাইফ, প্রাইম ১ আইসিবিএ, আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৬৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক ১৬৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৭১ লাখ ১৪ হাজার ৭৭৬ টাকা। লেনদেনকৃত ১৯১ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭ টির, কমেছে ১৫ টির আর অপরিবর্তিত ছিল ৯টির শেয়ারের দাম।