ব্রিটিশ সেন্সরবোর্ডে ‘মোস্ট ওয়েলকাম’

ব্রিটিশ সেন্সর বোর্ডে এখন এমএ জলিল অনন্তের আলোচিত চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম’। লন্ডনে আগামী মার্চ থেকে বেশ কয়েকটি সিনেমা হলে প্রদর্শিত হবে বাংলাদেশের ছবি। রেকর্ড অনুযায়ী ‘মোস্ট ওয়েলকাম’ই হবে প্রথম চলচ্চিত্র যা লন্ডনে কমার্শিয়ালি মুক্তি পেতে যাচ্ছে। এ উপলক্ষে লন্ডনের ছবি ডিস্ট্রিবিউটরদের সাথে মনসুন ফিল্মসের একটি চুক্তি হয়। ‘মোস্ট ওয়েলকাম’-এর এই সাফল্য প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমি মনে করি এটা শুধু আমার একার না গোটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য সুসংবাদ। আমি ছবি শুরু করার আগেই বলেছিলাম আমি বাংলাদেশি চলচ্চিত্র এক্সপোর্ট করতে চাই। সেই অনুযায়ীই আমি এগোচ্ছি। যেমন আমার ‘মোস্ট ওয়েলকাম টু’তে থাকবে জেমস বন্ড সিরিজের অ্যাকশন ইউনিট। এবং লন্ডনেই একটি ব্যয়বহুল কার চেজিংয়ের শুটিং হবে। আমরা এর যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলেছি। আগামী মাসেই এর শুটিং শুরু হবে। উল্লেখ্য, এবারের ‘মোস্ট ওয়েলকাম টু’ চলচ্চিত্র পরিচালনায় থাকবেন যৌথভাবে এমএ জলিল অনন্ত ও অনন্য মামুন। তবে ‘মোস্ট ওয়েলকাম টু’ চলচ্চিত্রটি মুক্তির আগেই সিনেমা হলে মুক্তি পাবে অনন্ত পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নিঃস্বার্থ ভালোবাসা’। এরপরই অনন্ত ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবিটি নির্মাণের কাজে হাত দেবেন।