টানা ১ মাসের সফরে জেমস

অবশেষে টানা প্রায় ১ মাসের সফরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যাচ্ছেন নগরবাউল জেমস। দীর্ঘদিন ধরেই কথা হচ্ছিল নগরবাউলকে অস্ট্রেলিয়া ট্যুরে নেওয়ার। কিন্তু জেমসের শিডিউল ও অন্যান্য জটিলতায় তা চূড়ান্ত হতে বিলম্ব হয়। অবশেষে টানা প্রায় ১ মাসের শিডিউলে দেশ ছাড়ছেন তিনি। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শো আয়োজক জায়েদী সজীব ইত্তেফাককে বলেন, ‘আমাদের এখানে গত বছর এসেছিলেন এলআরবি। এবারে অনেকদিন ধরেই আমরা প্ল্যান করছি নগরবাউলকে আনার। কারণ তার গান ও ভক্তকূল এখানকার বাংলা কমিউনিটির প্রায় সকলে। সেই থেকেই জেমস ভাইয়ের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করি। অবশেষে গেল সপ্তাহে আমরা সব কিছু চূড়ান্ত করেছি।’ শিডিউল অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি অডিলেডে, ১০ ফেব্রুয়ারি পার্থে, ১৬ ফেব্রুয়ারি মেলবোর্ন, ১৭ ফেব্রুয়ারি সিডনি এবং ২৪ ফেব্রুয়ারি অকল্যান্ডে কনসার্ট অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ডে জেমসের কনসার্ট আয়োজক অনুপম বিনোদন প্রতিদিনকে বলেন, ‘আমাদের জানা মতে, এত বড় আয়োজনে বাংলাদেশি কোনো আর্টিস্ট এর আগে নিউজিল্যান্ডে পারফর্ম করেননি। সেইদিক দিয়ে এটা স্পেশাল একটি কনসার্ট হতে যাচ্ছে।’ অন্যদিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর প্রসঙ্গে নগরবাউল জেমস বলেন, ‘প্রতিটা শোই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে এবারের এই টানা কয়েকটি শোর জন্য আমরা আলাদা প্রস্তুতি নিয়েছি। আশা করি আমার শ্রোতাদের সাথে নিয়েই দারুণ একটি কনসার্ট ওদের উপহার দিতে পারব।’