লিভারপুলের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২০:৪৯
রবিবার রাতের দুঃসহ স্মৃতি অনেকদিন তাড়া করে বেড়ানোর কথা লিভারপুলের খেলোয়াড়দের। এই দিনই এফএ কাপে তৃতীয় স্তরের দল ওল্ডহ্যামের বিপক্ষে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে তারা। সেই স্মৃতিকে তাড়াতে নিজেদের ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বলেই মনে করছেন লিভারপুলের ম্যানেজার ব্রেন্ডন রজার্স। এই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে লিভারপুল আজ বুধবার এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিক আর্সেনালের মুখোমুখি হবে। আর্সেনালকে হারিয়ে লিভারপুল চায় ফিকে হয়ে যাওয়া শেষ চারে থাকার সম্ভাবনা জাগিয়ে তুলতে।
অন্যদিকে ওল্ড ট্রাফোর্ডে আজ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে সাউদাম্পটনের। তিনে থাকা চেলসি মোকাবেলা করবে স্বাগতিক রিডিংয়ের। ম্যানইউ ২৩ খেলা শেষে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ৪৫ পয়েন্ট নিয়ে তিনে চেলসি।
টটেনহামেরও ক্ষত মোচনের দিন হতে পারে আজ। কারণ তারাও এফএ কাপের চতুর্থ রাউন্ডেই বিদায় নিয়েছে। আজ টটেনহ্যাম মুখোমুখি হবে নরউইচের। টটেনহ্যাম প্রিমিয়ার লিগে ৪১ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার চার নম্বরে। অন্য দিকে ওয়েস্টব্রুমউইচ আলবিয়নের সামনে আজ এভারটন। এভারটন এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে। সেই সাথে প্রিমিয়ার লিগে তারা পঞ্চম স্থানে রয়েছে ৩৮ পয়েন্ট নিয়ে।
এফএ কাপের হারে বেশ আঘাত পেয়েছেন লিভারপুল কোচ রজার্স। সেই আঘাত কাটিয়ে ওঠার পালাটাও খুব সহজ হবে না। আর্সেনালকে তাদের মাঠে গিয়ে হারিয়ে আসাটা নিতান্ত সোজা লক্ষ্য নয়। আর্সেনালও শেষ চার থাকার চেষ্টা অব্যাহত রাখতে চাইবে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে খেলার সুযোগ পেতে। আর্সেন ওয়েঙ্গারের দল পয়েন্ট তালিকার ছয়ে রয়েছে ৩৭ পয়েন্ট নিয়ে। রজার্স বলেন, ‘রবিবার আমরা বড় একটা আঘাত পেয়েছি। এটা খুবই হতাশাজনক আপনি যখন এমন ম্যাচ হেরে যাবেন।’
তবে আর্সেনালের ম্যাচের ব্যাপারে আত্মবিশ্বাসী রজার্স। তিনি বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে আমাদের এগিয়ে যেতে হবে। এটা কঠিন ম্যাচ; কিন্তু আমরা যদি চেষ্টা করি, তাহলে জয় পেতে পারি। আমাদের জয়ের সামর্থ্য রয়েছে।’
লিভারপুলের জন্য স্বস্তির খবর যে, ইনজুরি কাটিয়ে আজ তাদের দলে ফিরছে জোসে এনরিক, গ্লেন জনসন এবং পেপে রেইনা। এফএ কাপে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন স্টিভেন জেরার্ড। আজ তিনি শুরু থেকেই থাকতে পারেন।
আর্সেনাল প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচে ওয়েস্টহ্যামকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে এবং এফএ কাপের চতুর্থ রাউন্ডে লড়াই করে ৩-২ ব্যবধানে হারিয়ে দেয় ব্রাইটনকে। অলিভার গিরউড ও থিও ওয়ালকট দারুণ খেলছেন। ব্রাইটনের বিপক্ষে জয়সূচক গোলটি ছিল ওয়ালকটের। চলতি মৌসুমে ১৭ গোল করেছেন। প্রিমিয়ার লিগে রয়েছে ১০টি।
ইংল্যান্ডের এই জাতীয় দলের খেলোয়াড় মনে করেন লিভারপুলের বিপক্ষে লড়াইটা সহজ হবে না। তিনি বলেন, ‘লিভারপুলের বিপক্ষে দারুণ এক ম্যাচ হতে যাচ্ছে। দুটি দলই চতুর্থ স্থানের জন্য লড়ছে। আমরা একটু বেশি কাছে। আমি মনে করি নিজেদের মাঠে যেভাবে খেলেছি এবং ওয়েস্টহ্যামের বিপক্ষে যেমন খেলেছি; তাতে আমাদেরকে হারানোটা কারো জন্যই সহজ হবে না। ’ওয়ালকটের সাথে আজ মূল একাদশে দেখা যেতে পারে স্যান্তি ক্যাজোরলা এবং জ্যাক উইলশায়ারকে। এছাড়া ফুলব্যাক বাকারি স্যায়না ও কিয়েরান গিবস ফিরছেন।
আজকের
খেলা
আর্সেনাল-লিভারপুল
এভারটন-ওয়েস্টব্রুমউইচ আলবিয়ন
নরউইচ সিটি-টটেনহ্যাম
ফুলহ্যাম-ওয়েস্টহ্যাম
ম্যানইউ-সাউদাম্পটন
রিডিং-চেলসি