ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সিলেট
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২০:৫০
এবারের বিপিএলে এই অভিজ্ঞতাটা সিলেটের জন্য একেবারেই নতুন। এ পর্যন্ত তারা শুধু নিজেদের জয়ের রহস্যই বলে এসেছেন প্রতি ম্যাচ শেষে। কাল প্রথমবারের মতো হারের কারণ ব্যাখ্যা করতে হল সিলেটকে। আর সে ব্যাখ্যা করতে দিনশেষে সংবাদ সম্মেলনে এলেন সোহরাওয়ার্দী শুভ।
শুভ সিলেটের পক্ষ থেকে একটা কথাই বলে গেলেন, এই হার তাদের ব্যাটিং ব্যর্থতার ফল। এই রান অবশ্যই তাড়া করা সম্ভব ছিল বলে মনে করেন তিনি। কিন্তু সেটা সম্ভব হয়নি ব্যাটসম্যানদের কারণে।
একদিকে শুভকে যখন হারের কারণ খুঁজতে হচ্ছে, অন্যদিকে মাশরাফি বিন মুর্তজা তখন এই সাফল্যের কারণ ব্যাখ্যা করছেন। এমনিতে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের যে দল, তাতে প্রতিটা ম্যাচে জিতলেও অবাক হওয়ার কিছু নেই। দেশের অন্যতম সেরা ক্রিকেটাররা আছেন, আছেন বিদেশি সব নামজাদা ক্রিকেটাররা। মাশরাফি বলছেন, অবশেষে সবাই জ্বলে ওঠায় এই জয় পেলেন তারা।
বাংলাদেশ জাতীয় দলের তিন সাবেক অধিনায়ক মাশরাফি, আশরাফুল ও সাকিব আল হাসানের সমন্বয়ে গড়া ঢাকা গ্ল্যাডিয়েটর্স কাল ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই দাপট দেখিয়েছে বলে বলছেন মাশরাফি। ফলে ম্যাচ জেতা সম্ভব হয়েছে বলছেন দেশের অন্যতম সেরা এই পেসার, ‘আমরা চেষ্টা করেছি; তাই ফলাফল আমাদের অনুকূলে এসেছে। এনামুল ও ওয়াইজ শাহদের ব্যাটিংয়ে আমরা ভালো একটা ইনিংস পেয়েছিলাম। এরপর আমাদের বোলাররা এই ইনিংসকেই দারুণভাবে ডিফেন্স করে গেছে। এটা খুব জরুরি ছিল।’
অন্যদিকে পঞ্চম ম্যাচ পর্যন্ত জিততে থাকা সিলেট রয়্যালসের প্রতিনিধিত্ব করা শুভর কণ্ঠে এই ম্যাচ নিয়ে অনেক হতাশার কথা। তবে এই অলরাউন্ডার বললেন, এই একটা হারের ধাক্কায় থমকে যাওয়ার দল নন তারা। পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চায় তার দল, ‘ঢাকার বিপক্ষে আমাদের ইনিংসের শুরুটা ভালো হয়নি। টপঅর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় আমরা ম্যাচ হেরেছি। ঢাকার ১৫৮ রান মোটেও বেশি কিছু ছিল না। কিন্তু আমরা প্রতিপক্ষ বোলারদের ওপর দাপট দেখাতে পারিনি। ফলে যা হওয়ার তাই হয়েছে; আমরা ম্যাচ হেরেছি। কিন্তু আমাদের এখনো সুযোগ রয়েছে। আশা করছি আমরা ঘুরে দাঁড়াবো।’