বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে নীতিমালা বাস্তবায়ন প্রশ্নে হাইকোর্টের রুল
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২০:৫৯
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০১২ বাস্তবায়নের কেন নির্দেশ দেয়া হবে না এইমর্মে রুল জারি করেছে হাইকোর্ট। শিক্ষা সচিব, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সিলেট জেলা শিক্ষা কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে সিলেটের পাঠানটুলির স্কলারস হোম-এর প্রথম শ্রেণির উত্তীর্ণ শিক্ষার্থী আনিকা আলমকে ভর্তি করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। এক রিটের শুনানি শেষে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
গত বছরের ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ফি নির্ধারণ করে নীতিমালা জারি করে। এই নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইন ও সালিশ কেন্দ্র (আসক), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও মো. আশরাফুল আলম।