রায় বানচাল চেষ্টা প্রতিহত করতে জাতীয় ঐক্যের আহবান
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:০১
মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বানচালের জোর চেষ্টা চলছে। এটি প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সোমবার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘বাচ্চু রাজাকারের বিচার, জামায়াত-শিবিরের হুমকি এবং ভবিষ্যত্ করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন। সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মঞ্চের সমন্বয়ক অজয় রায়।
অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, জামায়াত মুক্তিযুদ্ধকালীন সময়ের মতো হিংস্র হয়ে উঠবে। আমাদের এক হওয়ার পাশাপাশি বিএনপিকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তারা একদিকে বলবে যুদ্ধাপরাধীদের বিচার সমর্থন করে আবার অন্যদিকে তাদের বাঁচানোর চেষ্টা চালাবে, তা হবে না। আমাদের এখন প্রথমত গোয়েন্দা বিভাগের শক্তি বাড়ানো প্রয়োজন। তথ্য সংগ্রহ ও দক্ষতা প্রমাণের মাধ্যমে যেন তারা জনগণ ও বিচারকদের নিরাপত্তা দিতে পারে। তিনি এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অনেক সমালোচনা থাকলেও দীর্ঘদিন পরে আওয়ামী লীগ সরকার এই বিচার সম্পন্ন করছে, একটি রায়ও হয়েছে, এক্ষেত্রে সরকার প্রশংসার দাবিদার।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন বলেন, মিডিয়া বাচ্চু রাজাকারের নামের সাথে ‘বিশিষ্ট মাওলানা’ বলে প্রচার করছে। যা শুধু দেশেই নয়, দেশের বাইরেও প্রচারিত হচ্ছে। বিবিসিতে তাকে ধর্মযাজক বলা হচ্ছে। যা মানুষকে বিভ্রান্ত করে । এই প্রচারণা বন্ধ করতে হবে। আমাদের সাধারণ মানুষকে আবার মুক্তিযুদ্ধের চেতনায় এক হয়ে রাস্তায় নামানোর ব্যবস্থা করতে হবে।
এতে আরো বক্তৃতা করেন নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, পঙ্কজ ভট্টাচার্য, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ট্রেড ইউনিয়নের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, খেলাঘরের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুঁইয়া প্রমুখ। মূল বক্তব্য পাঠ করেন ড. নূর মোহাম্মদ তালুকদার।