বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের অবস্থা এখন স্থিতিশীল। গত বুধবার সকালে পোর্তোর হয়ে অনুশীলন করার সময় হূদরোগে আক্রান্ত হন এই ফুটবলার। পরে পোর্তো শহরেরই এক হাসপাতালে অস্ত্রোপচার শেষে বর্তমানে সেখানে চিকিত্সাধীন আছেন ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক।
পর্তুগীজ ক্লাবটির চিকিত্সা বিভাগের প্রধান নেলসন পুগা জানিয়েছেন হূদরোগে আক্রান্ত হওয়ার এই ঘটনা ইকারের ভবিষ্যত্ জীবনের ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব ফেলবে না। এরপর যে প্রশ্নটি সামনে এসেছে, তা হলো এই ঘটনার পর স্প্যানিশটি আর ফুটবল ক্যারিয়ার অব্যাহত রাখতে পারবেন কি না।
স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতা ছাড়াও দুবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি। এছাড়াও রিয়াল মাদ্রিদের অসংখ্য সাফল্যের যোদ্ধা এই ক্যাসিয়াস। স্প্যানিশ রাজধানীর ক্লাবটির হয়ে ১৯টি ট্রফি জয় আছে তার। এর মধ্যে পাঁচবার লা লিগা ও তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি।
রিয়াল মাদ্রিদ তাদের সাবেক গোলরক্ষকের খারাপ খবরটি শোনার পরপরই তার পাশে থাকার ঘোষণা দেয়। দ্রুত আরোগ্য কামনা করেছে বার্সেলোনাও। সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন তার চেনাজানা তাবত্ তারকারাও। মার্কা