প্রথম বিভাগ ক্রিকেটের সুপার লিগ

প্রথম বিভাগ সুপার ক্রিকেট লিগে গতকাল মঙ্গলবার জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব, সিটি ক্লাব, ম্যাগনাম ক্রিকেটার্স ও তাসিন হাসিন ক্রিকেট একাডেমি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জনি তালুকদারের ৭৪ রানে ইস্কাটন সবুজ সংঘ ২৩৫ রান তোলে। জবাবে তাসিন হাসিন ক্রিকেট একাডেমির সাগর ও রনির ফিফটিতে এক ওভার বাকি থাকতে ৪ উইকেটের জয় তুলে নেয়। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে জাহাঙ্গীর আলম ৩৬ রানে ৪ উইকেট নেয়ায় ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব ১৭৮ রানে গুটিয়ে যায়। জবাবে পারটেক্স ৫ উইকেটের জয় তুলে নেয়। সালাউদ্দিন পাপ্পু ও তারেক আহমেদ ফিফটি করেন। বিকেএসপিতে কল্যাণ আশিসের ১১৫ রানের উপর ভর করে সিটি ক্লাব ৩১৮ রান তোলে। টার্গেট তাড়া করতে গিয়ে মোমিনুল চারটি ও শিপন তিন উইকেট নিলে ইন্দিরা রোড ক্রীড়া চক্র ১০২ রানে অলআউট হয়ে যায়। সিটি ক্লাব জয় পায় ২১৬ রানের বড় ব্যবধানে। সিটি ক্লাব মাঠে ম্যাগনাম ক্রিকেটার্স ২০৩ রান তোলে। রায়হান আনাস ফিফটি করেন। নূরুজ্জামান চারটি ও হায়দার রহমান তিনটি উইকেট নেন। বাংলাদেশ বয়েজ ক্লাব তাড়া করতে গিয়ে ১৪৮ রানে গুটিয়ে যায়। মকলেসুর রহমান ফিফটি করেন। মেহেদী হাসান নিয়েছেন তিন উইকেট। ম্যাগনাম জয় পায় ৫৫ রানে।