ঠাকুরগাঁওয়ে এমএলএম ব্যবসার নামে প্রতারণা

ঠাকুরগাঁওয়ে জালের মতো প্রতারণার ফাঁদ পেতেছে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা। বিদেশে স্বর্ণ, ডলারে বিনিয়োগসহ ৬ থেকে ১০ মাসের মধ্যে মূলধনসহ দ্বিগুণ অর্থ ফেরত দেয়ার মতো লোভনীয় অফার দিচ্ছে তারা। এ ছাড়াও আইটি, শিক্ষা, বিভিন্ন পণ্য বিক্রি এবং প্রতিষ্ঠানের শেয়ার বিক্রিসহ অভিনব কায়দায় জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে প্রতারণা চালিয়ে যাচ্ছে ডেসটিনির পর এবার রিচ বিজনেস সিস্টেম লিঃ নামের একটি প্রতিষ্ঠান। জানা গেছে, চট্টগ্রামের রিচ বিজনেস সিস্টেম লি: ২০০৩ সালে শপিংমলের ওপর ইনভেস্ট করার নামে প্রথম টাকা সংগ্রহ শুরু করে। তাদের ‘রিচ আই বাজার’ নামের শপিংমলগুলো লোকসানের কারণে অনেক জায়গাতে বন্ধ হয়ে গেছে। অথচ তারা এর ওপরেই দ্বিগুণ টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষ থেকে টাকা সংগ্রহ করছে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত দু’বছরে ঠাকুরগাঁও জেলায় কয়েক কোটি টাকা আমানত ও শেয়ার সংগ্রহ করেছে বলে অভিযোগ উঠেছে। সাইফুল আলম নামের এক গ্রাহক জানান, যেভাবে ঠাকুরগাঁওয়ে রিচ বিজনেস সিস্টেম অফিস পরিবর্তন করছে তাতে গ্রাহকদের মধ্যে হতাশা বিরাজ করছে। উধাও হয়ে গেলে অনেক সাধারণ গ্রাহক পথে বসে যাবে।