উপাধ্যক্ষ নিয়োগে অনিয়ম
বড়াইগ্রামে এমপিসহ ১৪ জনের নামে মামলা
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২২
নাটোরের বড়াইগ্রাম ডিগ্রী কলেজে উপাধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় প্রথমস্থান অধিকারীকে নিয়োগ না দেয়ায় কলেজের সভাপতি স্থানীয় এমপি অধ্যাপক আব্দুল কৃদ্দুস ও কলেজের অধ্যক্ষ আফসার আলীসহ ১৪ জনের নামে মামলা হয়েছে। আদালত তিন দিনের মধ্যে এ সংক্রান্ত সব নথিপত্র আদালতে জমা দিতে এবং কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছে।
সোমবার নাটোরের বড়াইগ্রাম সহকারী জজ আদালতে নিয়োগ পরীক্ষায় প্রথমস্থান অধিকারী একই কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মুত্তালেব এই মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, বড়াইগ্রাম ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নিয়োগ পরীক্ষা গত বছরের ২২ অক্টোবর নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষায় ১১ জন আবেদনকারীর মধ্যে পাঁচজন অংশ নেন। সনদ, লিখিত ও মৌখিক ৫০ নম্বরের পরীক্ষায় ৪১ নম্বর পেয়ে বাদি প্রথমস্থান অধিকার করেন। মামলায় কলেজের গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষসহ ১০ সদস্য এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী অপর চারজনসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। ১১ নম্বর অভিযুক্ত ২য়স্থান অধিকারী আমিনুল হক মতিন বাদিকে উপাধ্যক্ষ পদের দাবি প্রত্যাহার করে নেয়ার জন্য নানাভাবে চাপ দিচ্ছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
নাটোরের বড়াইগ্রাম সহকারী জজ আদালতের বিচারক আবু খান শাহীন কনক বাদির অভিযোগ আমলে নিয়ে আগামী তিন দিনের মধ্যে কলেজের এই নিয়োগ সংক্রান্ত সব নথিপত্র আদালতে জমা দিতে এবং অভিযুক্তদের কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মোঃ আফসার আলী কোন মন্তব্য করতে রাজি হন নাই।