সিরাজদিখানে নব দম্পতিকে বেত্রাঘাত
চেয়ারম্যানসহ দুই জন গ্রেফতার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৪
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় এক নব দম্পতিকে সালিশে বেত মেরে পেটানোর অভিযোগে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলিম আল রাজী ও চৌকিদার সুলতানকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। নির্যাতিতরা হলেন—রিপন শেখ (৩৫) ও তার স্ত্রী নারগিস আক্তার (২০)।
রিপন উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাঁঠালদিয়া গ্রামের নবী হোসেনের ছেলে। একই গ্রামের আবুল হোসেনের মেয়ে নারগিসের সঙ্গে তার প্রেম ছিল। দুই পরিবার সম্মতি না দেয়ায় সোমবার তারা ঢাকার জেলা জজ আদালতে বিয়ে নিবন্ধন করান। এরপর গ্রামে ফিরলে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজী রাতে সুলতান চৌকিদারের মারফত তাদের দু’জনকে নিজের অফিসে ডেকে আনেন। পরে সালিশের মাধ্যমে নব দম্পতি দু’জনকে বেত্রাঘাত করে। এ ব্যাপারে রাতেই সিরাজদিখান থানায় অভিযোগ করা হয়।
এ বিষয়ে চেয়ারম্যান আলিম আল রাজী বলেন, আমি বেত মারিনি। তাদের পরিবারের অভিভাবকরাই দু’জনকে শাসন করেছেন। সিরাজদিখান থানার ওসি তদন্ত মেহেদী হাসান জানান, এ ব্যাপারে সিরাজদিখান থানায় মামলা হয়েছে।