রামুতে তিন ইট ভাটার বিরুদ্ধে মামলা
রামু (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৫
কক্সবাজারের রামু উপজেলার ৩ ইট ভাটার বিরুদ্ধে অবৈধভাবে ইট উত্পাদন ও বিক্রির অপরাধে মামলা করেছে বিএসটিআই। রবিবার কক্সবাজার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এসব মামলা করা হয়।
মামলায় অভিযুক্ত ইটভাটা মালিকরা হলেন, রামু সাতঘরিয়াপাড়া, কলেজ গেইট, পশ্চিম মেরংলোয়া এলাকার মেসার্স মোজাফ্ফর আহমদ কোং এন্ড ব্রাদার্স (এস.এইচ) এর মালিক মোজাফ্ফর আহমদ, চাকমারকুল ইউনিয়নের কলঘরবাজার বাইপাসস্থ মেসার্স আল-হেরাম ব্রিকস্ (এস.এন.এম) এর আলহাজ্ব ছাবের আহমদ ও চাকমারকুল ইউনিয়নের পূর্ব মোহাম্মদপুরা মেসার্স এম.কে ব্রিকস (এম.কে) এর মোঃ মোস্তফা কামাল।
বিএসটিআই উপ-পরিচালক (সিএম)ও চট্টগ্রাম আঞ্চলিক অফিস প্রধান প্রকৌশলী এস,এম ইসহাক আলী বলেন, আধুনিক যুগে নগরায়ন ও শিল্পায়নের লক্ষ্যে নির্মাণসামগ্রীর উপাদানের মধ্যে ক্লে-ব্রিকস্ (ইট) একটি গুরুত্বপূর্ণ পণ্য। নগরায়নের অবকাঠামো ও নির্মাণ কাজের উন্নয়ন ও টেকসই এর লক্ষ্যে ক্লে-ব্রিকস্ (ইট) পণ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রেতা ও ভোক্তা সাধারণ যেন গুণগত মানসম্পন্ন ক্লে-বিকস্ (ইট) ক্রয় করতে পারে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।