সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৮
সিদ্ধিরগঞ্জে মতবিনিময় সভা
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ সিদ্ধিরগঞ্জে ডেমরা-সিদ্ধিরগঞ্জের সীমান্তবর্তী এলাকার আইন-শৃংখলা উন্নতিকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বর্ণালী সংসদ কার্যালয়ে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বরূপকাঠিতে কৃষক প্রশিক্ষণ
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ধানের ফলন পার্থক্য কমানো প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষকদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে প্রশিক্ষক ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আনসার আলী।
দশমিনায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালীর দশমিনায় এক গাঁজা ব্যবসায়ীকে এক বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা হাজিকান্দা এলাকার মো. সেকান্দার হাওলাদারের ছেলে মিলন হাওলাদারকে (৫৫) সোমবার দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করে র্যাব-৮। রাতে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ তোফায়েল হোসেনের আদালতে হাজির করলে আদালত মিলনকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
তিতাস উপজেলা জাসাসের কমিটি গঠন
হোমনা সংবাদদাতা \ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) তিতাস উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার এমকে আনোয়ার এমপির হোমনাস্থ বাসভবন চত্বরে এক সমাবেশে তিতাস উপজেলা বিএনপির সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া নবগঠিত ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
মেলান্দহে মদ-গাঁজাসহ গ্রেফতার দুই
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে মদ-গাঁজাসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ জানুয়ারি উপজেলার বয়রাডাঙ্গা গ্রামের হেমরাজের ছেলে দুলাল রবিদাসের (৩৩) বাড়িতে হানা দিয়ে ১০০ লিটার মদ ও ১৫০ লিটার মদ তৈরির উপাদান এবং মলিকা ডাঙ্গা আমতলা থেকে ৩শ’ গ্রাম গাঁজাসহ শাহাজাদপুর কসাইপাড়ার ইমান আলীর ছেলে লিয়াকত আলীকে (৩৪) গ্রেফতার করে কোর্টে চালান দিয়েছে।
রানীনগরে ওপেন হাউজ ডে
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা \ সোমবার নওগাঁর রানীনগর থানা কর্তৃক আইন-শৃঙ্খলার উন্নতি ও অবনতি ,প্রশাসনিক সমস্যা ও আমাদের করণীয় শীর্ষক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান।
সুন্দরগঞ্জে স্থানীয় সরকার বিষয়ক প্রশিক্ষণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলা রামজীবন ইউনিয়ন পরিষদ হলরুমে স্থানীয় সরকার শক্তিশালীকরণ বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার ইউএসএআইডি’র ও এসকেএস ফাউন্ডেশন এ প্রশিক্ষণের আয়োজন করে।
আদিতমারীতে ব্র্যাকের উপকরণ বিতরণ
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় মঙ্গলবার লালমনিরহাটের আদিতমারী উপজেলার কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করেন। উপজেলার ৮টি ইউনিয়নের ১০টি ব্লকের মাঝে ৬৮৫জন কৃষকের মধ্যে তিনশ’ একর জমি নির্ধারণ করা হয়েছে।
দুমকীতে উন্নয়ন বিষয়ক মতবিনিময়
দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালী দুমকী উপজেলা পরিষদের হলরুমে মঙ্গলবার পল্লী জাগরণী ও পল্লী সেবা সংঘ (পিএসএস) এর আয়োজনে এবং এডাব-এর সহযোগিতায় জিও-এনজিওদের সম্পর্ক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান আকন সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মদ।
সুবিদখালী পাইলট স্কুলে বিদায় অনুষ্ঠান
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ মীর্জাগঞ্জ উপজেলা সদরস্থ সুবিদখালী র,ই পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী আতাহার উদ্দিন আহম্মেদ।
পানছড়িতে ছাত্র পরিষদের কাউন্সিল সম্পন্ন
খাগড়াছড়ি প্রতিনিধি \ জেলার পানছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার যৌথ কাউন্সিল সোমবার সম্পন্ন হয়েছে। কাউন্সিল শেষে ১৭ সদস্য বিশিষ্ট পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা কমিটি এবং ১৯ সদস্য বিশিষ্ট গণতান্ত্রিক যুব ফোরামের কমিটি গঠন করা হয়।
গাজীপুরে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে সভা
গাজীপুর প্রতিনিধি \ গাজীপুরে তরুণ ব্যবসায়ী কামরুল ইসলাম সরকার মুক্তা হত্যার প্রতিবাদে সর্বদলীয় প্রতিবাদ সভা গতকাল সোমবার বিকেলে গাজীপুর জেলা শহরের ডুয়েট গেট সংলগ্ন গাজীপুর-শিমুলতলী সড়কে অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস, মাদক বিরোধী সর্বদলীয় কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন হাজী জাহাঙ্গীর আলম।
দামুড়হুদায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ দামুড়হুদার দর্শনায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মসজিদপাড়ায় এলামন্টু মিয়ার ছেলে আতিকুল (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
উজিরপুরে ইউপি নির্বাচনের দাবিতে মানববন্ধন
বরিশাল অফিস \ উজিরপুর উপজেলার ৮নং শিকারপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচনের দাবিতে সোমবার উজিরপুর উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় সুধি, শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বেলকুচিতে ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি প্রদান
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ প্রতিবছরের ন্যায় এ বছরও খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলার ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত ৪১৯ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সম্মাননা সনদ এবং অষ্টম ও দশম শ্রেণির ২৫৪ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ‘নগদ অর্থ বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান’ করা হয়েছে।
খলিশাকুণ্ডিতে পুলিশ ফাঁড়ির দাবিতে সড়ক অবরোধ
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডিতে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে ৫ ঘন্টা ধরে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। এরপর দৌলতপুর উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতাদের আশ্বাসের প্রেক্ষিতে বেলা ২টার দিকে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।
কালিহাতীতে মাদকপল্লী উচ্ছেদ
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা \ অবশেষে অনেক কল্পনা-জল্পনার পরে কালিহাতী ও ঘাটাইল উপজেলা প্রশাসন উত্তর বেতডোবার মাদক পল্লী বুলডোজার দিয়ে অবশিষ্ট বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে। কালিহাতী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি আবু নাছের বেগ ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন যৌথভাবে মাদক পল্লী উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জামালপুরে অর্পিত সম্পত্তি বিষয়ে কর্মশালা
জামালপুর প্রতিনিধি\ অর্পিত সম্পত্তির আইনের সুফল পাওয়ার লক্ষ্যে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে সোমবার জামালপুর পৌরসভা মিলনায়তনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুরের জেলা প্রশাসক মো. দেলওয়ার হায়দার।
আলফাডাঙ্গায় প্রধান শিক্ষকের অপসারণ দাবি
আলফাডাঙ্গা সংবাদদাতা\ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চাহাটী কঠুরাকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি খান বেলায়েত হোসেন ও প্রধান শিক্ষক গোলাম রসুলের দুর্নীতি ও অপকর্মের প্রতিবাদ অপসারণের দাবিতে সোমবার আলফাডাঙ্গা প্রেসক্লাবে এলাকাবাসীর পক্ষে হারেছ উদ্দীন আহমেদ সংবাদ সম্মেলন করেছেন।
কুড়িগ্রামে দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি \ বয়স্কভাতা তুলতে এসে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে সোমবার দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে হুজুরুন্নেসার (৮৫)। নিহত বৃদ্ধা ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমোরপুর যুগীপাড়া গ্রামের মৃত সাহের আলী পেটলার স্ত্রী।
কুমিল্লায় পাঁচ ডাকাত গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকা থেকে একটি মাইক্রোবাস ও দেশীয় অস্ত্রসহ ডাকাতদের গ্রেফতার করা হয়।
তাড়াশে দেবোত্তর সম্পত্তি উদ্ধার
চলনবিল সংবাদদাতা\ সোমবার তাড়াশ উপজেলার উষাইকোল মৌজার প্রায় ৬ একর দধি ব্রা??হ্মণ বিগ্রহের দেবোত্তর সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে ২০ বছর পর উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার শরিফ রায়হান কবির অভিযান চালিয়ে উক্ত দেবোত্তর সম্পত্তি বর্তমান পরিচালনা কমিটির নিকট হস্তান্তর করেন।
মেহেরপুরে গম চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে
মেহেরপুর প্রতিনিধি\ চলতি মৌসুমে মেহেরপুর জেলায় গম চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। চলতি মৌসুমে মেহেরপুরে ৩টি উপজেলায় গম চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ১৫ হাজার ৪শ’ ৯৭ হেক্টর জমি। লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ১৬৩ হেক্টর বেশি জমিতে গমের চাষ হয়েছে।
বিএসএফ’এর হাতে গরু ব্যবসায়ী আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে আব্দুল করিম মিয়া (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ’ এর হাতে আটক হয়েছে। মঙ্গলবার ভারতের ১৪ বিএসএফ ব্যাটালিয়নের বড়বিল্লাহ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটক আব্দুল করিম ওই উপজেলার মেগদাপাড়ার নিজামউদ্দিনের ছেলে।