ফতুল্লায় ইটভাটায় অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, দগ্ধ ৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ইটভাটায় অগ্নিকাণ্ডে লিজা (৬) নামে এক শিশু মারা গেছে। দগ্ধ হয়েছে আরো ৪ জন। সোমবার রাতে ফতুল্লার চর বক্তাবলী এলাকায় এ ঘটনা ঘটে। বক্তাবলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আলম জানান, ইটভাটার পাশেই খুপড়ি ঘরে বাস করতো শ্রমিকরা। এর মধ্যে একটি ঘরে থাকতো কামাল হোসেন ও নাসিমা বেগমের পরিবার। রাতে ঘরে ঘুমিয়ে ছিল তাদের ৬ বছরের শিশু লিজা, ৮ বছরের শিশু শিখা ও ১২ বছরের সন্তান পিয়ানুর। হঠাত্ ঘরে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হয়ে মারা যায় শিশু লিজা। এ সময় আগুনে দগ্ধ হয় লিজার দুই বোন শিখা ও পিয়ানুর, পাশের ঘরে থাকা ইমাল (২৬) ও নাজনীন (৭)। তাদেরকে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাটের গুদামে অগ্নিকাণ্ড নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় একটি পাটের গুদামে ভয়াবহ আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ পাট। ধারণা করা হচ্ছে প্রায় ১০ হাজারেরও বেশি মণ পাট আগুনে পুড়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার সকালে হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় জোহা অ্যান্ড ব্রাদার্সের জায়গাতে একটি গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।