চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:৪৮
চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে মুকেশ সিং ভুলু নামে একব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই মামলায় আরো তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. শরীফ মোস্তফা করিম সোমবার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট ভবতোষ নাথ ইত্তেফাককে জানান, নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা মুকেশ সিং ২০০৪ সালের ৭ সেপ্টেম্বর তার স্ত্রী অশ্রু চৌধুরীকে ১ লাখ টাকা ও একটি রঙিন টেলিভিশন যৌতুক দাবিতে লাঠি দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের বাবা সঞ্জীব চৌধুরী নগরীর পাহাড়তলী থানায় মুকেশ সিং, তার ছোট ভাই রাকেশ সিং, বোন সীমা দাশ ও ভগ্নিপতি চয়নসহ ৪ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশ প্রধান আসামি মুকেশ সিংকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। মুকেশ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। পুলিশ মামলাটি তদন্ত করে ২০০৪ সালের ৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে এ অভিযোগপত্রে মুকেশ ছাড়া অন্য আসামিদের বাদ দেয়া হয়। তবে ২০০৮ সালের ১০ জুন এ মামলার চার আসামির বিরুদ্ধেই অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল বিচারক। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল সোমবার মুকেশকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়ে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে নেয়া হয়।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ভবতোষ নাথ। তাকে সহযোগিতা করেন উত্তম বিশ্বাস ও জাকারিয়া গিয়াসউদ্দিন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট তুষার চন্দ।