‘জল পড়ে পাতা নড়ে’র বর্ষপূর্তিতে প্রতিবন্ধীদের বিশেষ অনুষ্ঠানমালা

মাসিক শিশুতোষ পত্রিকা ‘জল পড়ে পাতা নড়ে’ প্রথম বর্ষপূতি উপলক্ষে ২৯ থেকে ৩১ জানুয়ারি তিনদিনব্যাপী দৃষ্টি, বাক ও শ্রবণ প্রতিবন্ধীসহ সব শিশুকে নিয়ে ইচ্ছে ডানা শীর্ষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের শুরুতে গতকাল মঙ্গলবার সকালে বেঙ্গল শিল্পালয়ে বিশিষ্ট চিত্রকর, ভাস্কর, কণ্ঠশিল্পী ও থিয়েটার কর্মীদের তত্ত্বাবধানে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুরা ছবি আঁকা এবং নাটকের কর্মশালায় অংশ নেয়। দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা ভাস্কর্য ও সংগীতবিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করে। শিশুদের জন্য আয়োজিত এই কর্মশালা চিত্রকর কনক চাঁপা চাকমা, ভাস্কর তেজস হালদার, নাট্যশিল্পী ড. খন্দকার তাজমি নূর ও আনিসুল হক বরুন এবং সংগীতশিল্পী ঝুমা খন্দকার তত্ত্বাবধান করেন। অনুষ্ঠানে মিরপুরের ব্যাপ্টিস্ট মিশন স্কুল ও বিশেষ শিক্ষা কেন্দ্র, জান-ই-আলম সরকারি স্কুল, অরণী বিদ্যালয় এবং কিশোলয় স্কুলের প্রায় ১৫০ জন শিশু অংশগ্রহণ করে। আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিত্রকর, শিল্পী, ভাস্কর ও থিয়েটারকর্মীদের তত্ত্বাবধানে শিশুদের ছবি আঁকা, ভাস্কর্য নির্মাণ, কবিতা আবৃত্তি, গল্প ও গান শেখানো হবে। শেষদিন ৩১ জানুয়ারি বিকেল ৩টায় শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছবি ও ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন রয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি