জনপ্রশাসনে সচিব পদে পদোন্নতির সুপারিশ ১৭ জনের
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২২:১৩
জনপ্রশাসনে ভারপ্রাপ্ত সচিব থাকা ১৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করার সুপারিশ করেছে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেইন ভুঁঞার সভাপতিতে গত সোমবার অনুষ্ঠিত বোর্ডের সভায় এ সুপারিশ করা হয়। সুপারিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করলে জনপ্রশাসনে কর্মরত ৬৮ সচিব বা সচিব মর্যাদার কেউ ভারপ্রাপ্ত থাকবেন না—এটি হবে একটি দৃষ্টান্ত। কারণ, গত কয়েক দশক ধরে জনপ্রশাসনে একজনও ভারপ্রাপ্ত সচিব থাকেননি—এমন ঘটনা নেই। যেসব ভারপ্রাপ্ত সচিবকে সচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে তাঁরা হলেন—জাতীয় সংসদ সচিবালয়ের মাহফুজুর রহমান, খাদ্য মন্ত্রণালয়ের মুসফিকা ইকফাত্, পরিসংখ্যান বিভাগের নজিবুর রহমান, প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য মোহাম্মদ গোলাম কুদ্দুস, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান কাজী আখতার হোসেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের খোরশেদ আলম, বিদ্যুত্ বিভাগের মনোয়ার ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এম এন নিয়াজ উদ্দিন, যোগাযোগ মন্ত্রণালয়ের এম এন সিদ্দিক, সেতু বিভাগের খন্দকার আনোয়ারুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আবু বক্কর সিদ্দিক, নৌ-পরিবহনের সৈয়দ মনজুরুল ইসলাম, পিএসসির চৌধুরী বাবুল হাসান, শিল্প মন্ত্রণালয়ের মঙ্গন উদ্দিন আব্দুল্লাহ, পরিকল্পনা কমিশনের ভুঁইয়া শফিকুল ইসলাম, বিপিসির চেয়ারম্যান ইউনুসুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মিখাইল শিপার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এপিডি) মহিবুল হক দৈনিক ইত্তেফাককে জানান—এসএসবির সুপারিশ প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। কারা পদোন্নতি পাচ্ছেন, প্রধানমন্ত্রীর অনুমোদনের আগে সে সম্পর্কে কিছু বলা যাবে না বলে মন্তব্য করেন তিনি।