সাধারণ নির্বাচনে ভোটার ৯ কোটি ২৮ লাখ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ খসড়া হিসাব অনুযায়ী দশম নির্বাচনে প্রায় ৯ কোটি ২৮ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৪ কোটি ৬৬ লাখ ও নারী ভোটার ৪ কোটি ৬২ লাখের মতো। তবে এবারের হালনাগাদ ভোটার তালিকার দাবি-আপত্তি ও সংশোধনের জন্য ৬৯ হাজার ২৩৬টি আবেদনের মধ্যে গৃহীত হয়েছে ৬০ হাজার ৫৭৯টি আবেদন। বাতিল হয়েছে ৭ হাজার ৮৯৯টি আবেদন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক জানান, চূড়ান্ত ভোটার তালিকা বৃহস্পতিবারই প্রকাশ করা হচ্ছে। হালনাগাদ কার্যক্রম শেষ করা হলেও পরে ভোটার হওয়ার সুযোগ রয়েছে। এমনকি আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও ভোটার হওয়া যাবে। সর্বশেষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ৪ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১৪৯ এবং পুরুষ ভোটার ছিলেন ৩ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৫৪৯ জন। সংবিধান অনুযায়ী চলতি বছরের ২৬ অক্টোবর থেকে আগামী বছরের ২৪ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে দশম সংসদ নির্বাচন। এ জন্য আগেভাগেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে কমিশন। তবে সর্বশেষ হালনাগাদে কেউ ভোটার না হতে পারলেও ভোটার হওয়ার সময় পাচ্ছেন। ভোটারযোগ্যরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভোটার হতে পারবেন। আজ অথবা আগামীকালের মধ্যে সাংবাদিক সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারেন।