৮ আসামির জামিন কেন
বাতিল নয় :হাইকোর্ট
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২২:১৫
আপোষরফার মাধ্যমে জামিন পাওয়ায় নাটোরের সিংড়ায় কলেজ ছাত্রী ধর্ষণ মামলার আট আসামির জামিন কেন বাতিল করা হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে নিম্ন আদালতের মামলার নথি তলব করেছে আদালত। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
‘নাটোরে কলেজ ছাত্রী ধর্ষণ মামলা সাড়ে ৫ লাখ টাকায় রফা’ শীর্ষক শিরোনামের প্রতিবেদন গতকাল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, স্থানীয় একটি সূত্র নিশ্চিত করেছে কলেজ ছাত্রীর সম্ভ্রমের মূল্য সাড়ে পাঁচ লাখ টাকা ধরে ঘটনাটি ধামাচাপা দিতে ধর্ষিতার বাবার সঙ্গে রফা করা হয়েছে। আদালতে আপোষ সংক্রান্ত এফিডেভিট দাখিল করেছে তারা। এ প্রতিবেদনটি হাইকোর্টের ঐ বেঞ্চের নজরে আনেন ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট অমিত তালুকদার। শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দেয়।